• এবার বিধায়ক তহবিলের অপচয় রোধে বিশেষ পোর্টাল ‘ই-বিইইউপি’
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিধায়ক তহবিলের টাকারও অপচয় রোধ করতে নেমে পড়ল শুভেন্দু অধিকারীরর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এমপিদের আদলে এবার বিধায়ক তহবিলের টাকা খরচ  থেকে পরিকল্পনা সব এক ছাতার তলায় আনতে বিশেষ পোর্টাল প্রস্তুত করে ফেলেছে রাজ্য সরকার। যার মাধ্যমে একদিকে যেমন টাকার অপচয় আটকানো সম্ভব হবে তেমনই কাজের গতি আসবে বলেই জানা গিয়েছে। খুব দ্রুত মুখ্যমন্ত্রী এই ‘ই-বিইইউপি’ পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করবেন বলে জানা গিয়েছে। 

    বুধবার পশ্চিম বর্ধমান জেলার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প (বিইইউপি) ও এমপি ফান্ডের টাকা খরচ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয় আসানসোল জেলাশাসক অফিসে। বিডিও অফিস থেকে পুরসভার এডিডিএ যাঁরা মূলত এই তহবিলের উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়ন করেন তাঁদের নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। বিশেষ করে বিগত বিধায়কদের কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কারণ অক্টোবর থেকেই চলতি বিধায়কদের তহবিলের উন্নয়নমূলক কাজ শুরু হবে। সেই প্রসঙ্গেই ই-বিই‌ইউপির বিষয়টি সামনে এসেছে।  

    জানা গিয়েছে, এমপিদের টাকা খরচা হয় ই-সাক্ষী নামে পোর্টালের মাধ্যমে। তাতে কাজের নজরদারি করতে অনেক সুবিধা হয়। বিশেষ করে সবকিছু পোর্টালের মাধ্যমে হওয়ায় অস্বচ্ছতার সুযোগ থাকেনা। সেই আদলেই নতুন পোর্টলটি তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। যাঁর মাধ্যমে প্রতি বিধায়কের প্রতিটি কাজ মনিটর করা যাবে। এর পাশাপাশি জানা গিয়েছে,যে সব সংস্থার নিজস্ব ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে তাঁরাই বিধায়ক তহবিলে কাজ করতে পারবে। যেমন আগে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় ক্লাব নিজের ব্যায়ামাগার তৈরি করতে পারত। এক শীর্ষ আধিকারিকের দাবি, এক্ষেত্রেই ক্লাবের জিম করে দেওয়ার সুযোগ থাকবে কিন্তু তা করবে কোনো পেশাগত সংস্থা। এতে কাজের মান ভাল থাকবে। 
  • Link to this news (বর্তমান)