• বইমেলায় স্টল বণ্টনে আর নিয়ন্ত্রণ থাকছে না গিল্ডের?
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়: কলকাতা বইমেলার স্টল বিতরণের দায়িত্বে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের একচ্ছত্র ক্ষমতা কি শেষ হতে চলেছে? সোমবার বইমেলার সরকার গঠিত অ্যাডভাইজ়রি কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে এই প্রশ্নটাই সামনে এসেছে। ওই কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ বক্সী জানিয়েছেন, গিল্ডের পাশাপাশি ইজেডসিসি এবং ন্যাশনাল বুক ট্রাস্ট যৌথ ভাবে স্টল বিতরণের ভূমিকায় থাকবে।

    প্রসেনজিতের কথায়, ‘কয়েকদিনের মধ্যেই ন্যাশনাল বুক ট্রাস্টের বিশেষজ্ঞরা আমাদের একটা প্রেজেন্টেশন দেবেন। দেশের নানা প্রান্তে এই সংস্থা বইমেলার আয়োজন করে। সেখানে অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে স্টল বিতরণ করা হয়। এটাই এখন স্বীকৃত পদ্ধতি। তার মাধ্যমেই এবারের বইমেলায় স্টল বিতরণ করা হবে।’

    অ্যাডভাইজ়রি কমিটির একাধিক সদস্যের অভিযোগ ও পর্যবেক্ষণ, অতীতে এই স্টল বিতরণ নিয়ে নানা সমস্যা হয়েছে। অভিযোগ উঠেছে, মুখ দেখে পছন্দের মানুষকে বড় স্টল দেওয়া কিংবা ভালো জায়গা পাইয়ে দেওয়ারও। এমনকী, স্টল দেওয়া হয়নি এমনও ঘটনা ঘটেছে। কাজেই এই সব অভিযোগ যাতে আর না ওঠে সে কারণেই এই যৌথ প্রক্রিয়া।

    যদিও গিল্ড এই অভিযোগগুলি মানতে নারাজ। গিল্ডের কর্তারা এ দিনের বৈঠকের ব্যাপারে জানাচ্ছেন, স্টল বিতরণের বিষয়টি তাঁরা জানেন না। গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ের কথায়, ‘আমরা এ বিষয়ে অবগত নই। নবান্ন–য় এর আগে সরকারের সঙ্গে আমাদের তিনটি বৈঠক হয়েছে। তাতে এমন কোনও কথা বলা হয়নি। সরকারের সঙ্গে আমাদের যা কথা হয়েছে মিনিটস–এও লেখা আছে। সেই অনুযায়ী গিল্ড চলছে।’ এ দিনের অ্যাডভাইজ়রি কমিটির বৈঠকে অবশ্য আলোচনা হয়েছে, বইমেলার স্টল বিতরণ নিয়ে যে বিজ্ঞাপন ইতিমধ্যে গিল্ড প্রকাশ করেছে, তাতে এই কমিটির কোনও অনুমোদন নেই।

    এ ছাড়া বৈঠকে ঠিক হয়েছে, বইমেলাতে মূল থিম হচ্ছে বন্দেমাতরম্‌–এর ১৫০ বছর পূর্তি। থিম কান্ট্রি হিসেবে ইজ়রায়েলের নাম নিয়েও আলোচনা হয়েছে। ওই দেশের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর থেকেই গত দু’বছর বাংলাদেশ প্যাভেলিয়ন হয়নি। বাংলাদেশের কোনও প্রকাশকও আসেননি কলকাতা বইমেলায়। এবার কি বাংলাদেশের প্যাভিলিয়ন হবে? প্রসেনজিৎ বলেন, ‘বাংলাদেশ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। কারণ, নানা সময়ে অভিযোগ উঠেছে বই পাইরেসি করার, পাশাপাশি ভারত বিদ্বেষী নানা কার্যকলাপের। তাই বাংলাদেশ এবার বইমেলায় থাকবে কি না, সে বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)