জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু। সোমবার গভীর রাতে দুর্ঘটনা ঘটেছে মালদায় ডালখোলা-বকখালি জাতীয় সড়কে। জানা গিয়েছে, একটি SUV গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় চুরমার হয়ে যায় গাড়ি। এই ঘটনায় চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত ও আহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে একটি SUV গাড়িতে চড়ে মালদা থেকে কালিয়াচকের দিকে যাচ্ছিলেন পাঁচ জন। সেই সময়ে গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি হয়। কালিয়াচক থানার জালালপুরে একটি হাসপাতালের সামনে ব্রেক কষলেও গাড়িটি থামেনি। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরে নিয়ন্ত্রণ হারান চালক। রাস্তা পার করে বিপরীত দিকের লেনে চলে যায় গাড়িটি।
সেই সময় উল্টো দিক থেকে ছুটে আসা একটি লরি ধাক্কা মারে গাড়িতে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। জানা গিয়েছে, দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ চুরমার হয়ে গিয়েছে। পুলিশ এবং স্থানীয়রা গাড়ির মধ্যে থেকে পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। বাকি চার জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার তদন্ত করছে পুলিশ। দুর্ঘটনা পরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।