সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি
সতর্ক এবং ফোকাসড থাকুন, কোনও ভাবে লক্ষ্যভ্রষ্ট হবেন না— ২০৪৭-এ স্বাধীনতার শতবর্ষের আগে 'বিকশিত ভারত' গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে সোমবার এ ভাবেই রূপরেখা সাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
নয়াদিল্লিতে সরকারি সূত্রের দাবি, এ দিনের বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের নবীন প্রজন্ম বা জেন জ়ি-দের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে প্রত্যেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে৷ নবীন প্রজন্মের অসুবিধে-ক্ষোভের কথা জানতে হবে৷ জেন জ়ি মানেই সরকার বিরোধী, এটা না-ভেবে তাঁদের মধ্যে থেকে প্রতিভা খুঁজে বার করতে হবে প্রতিমন্ত্রীদের।
জেন জ়ি–দের সঙ্গে যোগাযোগ বাড়াতে দৈনন্দিন কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় সব মন্ত্রীকে বাড়তি সক্রিয়তা দেখাতে হবে, সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা বাড়াতে হবে এবং মাটির কাছাকাছি থাকতে হবে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের সামনে নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন মোদী৷
কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ ঘিরে জল্পনা যখন তুঙ্গে, তখনই প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। দুর্গোত্সবের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করা হতে পারে বলেই খবর৷ এই আবহে এ দিনের সমীক্ষা বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রকে কর্মরত 'জুনিয়র' মন্ত্রীদের পারফরম্যান্স পর্যালোচনা করেছেন বলেও খবর। সে ক্ষেত্রে কয়েক জন প্রতিমন্ত্রীর 'প্রোমোশন'-এর জল্পনাও জোরদার।
সূত্রের খবর, এ দিনের সমীক্ষা বৈঠকে প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সামনে ডিজিটাল প্রেজ়েন্টেশন তুলে ধরেন। নির্ধারিত তিন মিনিটের মধ্যে নিজেদের অবস্থানও ব্যাখ্যা করেন। সকলের বক্তব্য শোনার পরেই মোদী নিজের অভিমত ব্যাখ্যা করেন৷ বৈঠকের একেবারে শেষে কয়েক জন প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি আলাদা করে কয়েক মিনিট কথা বলেছেন বলেও সূত্রের দাবি৷