গৃহস্থালির রান্নার গ্যাস (LPG) গ্রাহকদের জন্য বড় খবর। এখন থেকে শহর ও গ্রাম— উভয় অঞ্চলের গ্রাহকরাই ২৫ দিন অন্তর নতুন সিলিন্ডার বুক করতে পারবেন। সোমবার কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে এই নতুন নিয়ম অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত কয়েক মাস গ্রামীণ এলাকার গ্রাহকদের একটি সিলিন্ডার বুক করার পরে পরবর্তী সিলিন্ডারের জন্য অন্তত ৪৫ দিন অপেক্ষা করতে হতো। কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী, শহর বা গ্রাম নির্বিশেষে দেশের সমস্ত LPG গ্রাহকদের জন্য রিফিল বুকিংয়ের ব্যবধান কমিয়ে ২৫ দিন করা হলো।
ফেব্রুয়ারি মাসে পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে টান পড়েছিল। তৎকালীন পরিস্থিতিতে ১২ মার্চ ২০২৬-এ সরকার সাময়িক ভাবে এই সময়সীমা নির্ধারণ করে দেয়— যেখানে জানানো হয়, শহরের জন্য ২৫ দিন এবং গ্রামের জন্য ৪৫ দিনের ব্যবধান রাখা হচ্ছে।
পেট্রলিয়াম মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে দেশে এলপিজি সরবরাহের পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। সেই কারণেই গ্রামীণ ও শহরের গ্রাহকদের মধ্যে ফারাক দূর করে সকলের জন্য অভিন্ন ২৫ দিনের নিয়ম ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফলত, গ্রামীণ গ্রাহকরা এলপিজি নিয়ে যে সমস্যায় পড়েছিলেন ভুগছিলেন, সরকারের এই সিদ্ধান্তে তারা অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।