দেগঙ্গায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ, চাঞ্চল্য
বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: দেগঙ্গায় জমি ও দোকান দখলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। এক ব্যক্তির বাড়ি লাগোয়া দোকান ভাঙচুর করে বিজেপির পতাকা লাগিয়ে দখলের অভিযোগ উঠেছে। দোকানটি বন্ধ অবস্থায় ছিল। বিজেপির কর্মী-সমর্থকদের এই কাজের প্রতিবাদ করায় দোকান মালিকের বৃদ্ধা মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হাদিপুর-ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আজিজনগর এলাকায়।
অভিযোগকারী তথা দোকানের মালিক তাপস পাল বলেন, আমার আলমারির দোকানটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। আচমকা বিজেপির কর্মী-সমর্থকরা এসে দোকানে ভাঙচুর চালায়। এরপর দলীয় পতাকা টাঙিয়ে সেটি দখল করে নেয়। প্রতিবাদ করতে গেলে বৃদ্ধা মা ও স্ত্রীকে মারধর করা হয়। দু’জনই আহত হয়েছেন। তাঁদের বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাপসবাবু। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা অনির্বাণ ঘোষ। তাঁর দাবি, দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যে জায়গাটি নিয়ে অভিযোগ উঠেছে, সেটি খাস জমি। বিজেপির তরফে কেউ দলীয় পতাকা লাগিয়ে জায়গা দখল করেনি। তাঁর আরও দাবি, মারধরের যে অভিযোগ করা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। এদিকে অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। প্রসঙ্গত, মাসখানেক আগে দেগঙ্গায় অধ্যাপক দম্পতির জমি দখল করে বিজেপির দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠেছিল। এনিয়ে পুলিশের শীর্ষদপ্তরে অভিযোগ জানান দম্পতি।