• ট্রাফিকের হয়ে টাকা তোলে অপারেটর? একাধিক পুলিশকে তলব করল এসিবি
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রাফিক গার্ডের হয়ে টাকা তুলছে ‘অপারেটর’রা। এমন অভিযোগের প্রেক্ষিতে চলতি সপ্তাহেই রাজ্য দুর্নীতি দমন শাখার (এসিবি) অফিসে ডাক পেতে চলেছেন বিভিন্ন পদমর্যাদার একাধিক পুলিশকর্মী। অভিযুক্ত সঞ্জীব নন্দীর মোবাইলের ফোনবুক ঘেঁটে সংশ্লিষ্ট অফিসার তথা পুলিশকর্মীর নাম মিলেছে বলে খবর।

    কয়েকদিন আগে এসিবি ফাঁদ পেতে হাওড়া থেকে গ্রেপ্তার করে সঞ্জীবকে।  ওই অভিযুক্ত কলকাতা, হাওড়া, বিধাননগর ও বারুইপুরের বিভিন্ন ট্রাফিক গার্ডের হয়ে টাকা তুলত। তার সঙ্গে কলকাতা পুলিশের একাধিক ট্রাফিক গার্ডের অফিসারদের যোগাযোগের প্রমাণ হাতে পান তদন্তকারীরা। জেলার ট্রাফিক গার্ডের পুলিশকর্মীদের সঙ্গেও ফোনে কথা বলার তথ্য পান তাঁরা। ‘অপারেটর’ সঞ্জীব দাবি করে, বিভিন্ন ট্রাফিক গার্ডে সে নিজে টাকা পৌঁছে দিয়ে এসেছে। তার কাছ থেকেই বিভিন্ন পুলিশকর্মীর নাম উঠে এসেছে। তাঁদের সঙ্গেই কথা  বলবেন এসিবির তদন্তকারীরা। কেন সঞ্জীব তাঁদের ঘনঘন ফোন করতেন, টাকা তোলার বিষয়ে কী তথ্য রয়েছে, সেসব জানতে চাইবেন তাঁরা। টাকা তাঁদের কাছে গিয়েছে কি না, সেই প্রশ্নও করা হবে। সূত্রের খবব, কলকাতা, বিধাননগর, হাওড়া, বারুইপুর ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা ডাক পাওয়ার তালিকায় রয়েছেন।
  • Link to this news (বর্তমান)