• জগৎবল্লভপুরে দুই মহিলাকে মার, অভিযুক্ত সিভিক পুলিশ
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাস্তার ধারে ফুলের গাছ লাগানোকে কেন্দ্র করে বচসা। সেই বচসার জেরে দুই মহিলাকে মারধরের অভিযোগ উঠল জগৎবল্লভপুর থানার এক সিভিক পুলিশের বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় জগৎবল্লভপুরের প্রতাপপুর এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে থাকা জলের কল থেকে জল নিতে গিয়েছিলেন এলাকার একটি পরিবারের কয়েকজন মহিলা। অভিযোগ, সেই সময় বাড়ি থেকে বেরিয়ে এসে তাঁদের সঙ্গে বচসায় জড়ান সিভিক পুলিশ স্বপন রায়। ফুলের গাছ লাগানোকে কেন্দ্র করেই প্রথমে কথা কাটাকাটি শুরু হয় বলে দাবি স্থানীয়দের। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, স্বপন দুই মহিলাকে মারধর করেন। তাঁরা দু’জনেই আহত হয়েছেন। ওই পরিবারের সদস্যা পিঙ্কি রায় বলেন, কল থেকে জল নিতে যাওয়াকে কেন্দ্র করেই তাঁদের সঙ্গে স্বপনের বচসা হয়। পরে দুই মহিলাকে মারধর করা হয় বলে তাঁর অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্বপন। তাঁর দাবি, ঘটনার সঙ্গে তাঁর কোনো যোগ নেই। ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। গ্রামীণ হাওড়ার এক পুলিশ আধিকারিক জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
  • Link to this news (বর্তমান)