আমতায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভ
বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদদাতা, উলুবেড়িয়া: অসুস্থতার অজুহাতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক স্কুলে আসছেন না। ফলে কয়েক মাস ধরে বিদ্যালয়ের মিড ডে মিলের সমস্যা হচ্ছিল। এর পাশাপাশি মিড ডে মিল সহ একাধিক বিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছিল। এইসব নিয়ে সোমবার বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। এমনকী পড়ুয়ারাও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ডিম চোর স্লোগান তুলল। ঘটনাটি ঘটেছে আমতা থানার নারিট ন্যায়রত্ন ইনস্টিটিউশনে।
সোমবার স্কুলে আসেন প্রধান শিক্ষক সুশীলকুমার ঘড়াই। তখন কিছু অভিভাবক স্কুলে এসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের সঙ্গে যোগ দেয় পড়ুয়ারাও। ওই অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক ঠিকমতো স্কুলে আসেন না। সেই কারণে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না। মিড ডে মিল না হওয়ায় সমস্যাও হচ্ছে। এছাড়া একাধিক দুর্নীতির সঙ্গেও যুক্ত প্রধান শিক্ষক। সুতরাং স্কুলের স্বার্থে প্রধান শিক্ষককে সরাতে হবে। এদিকে, ওই প্রধান শিক্ষক সুশীলকুমার ঘড়াইয়ের বক্তব্য, দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিছু লোক আমার বিরুদ্ধে এই কাজ করছে। আমাকে মানসিকভাবে বিপর্যস্থ করার পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশকে খারাপ করার ষড়যন্ত্র চলছে। অসুস্থার কারণে আমি তিনমাস স্কুলে আসিনি। তাই আমার বিরুদ্ধে পরিকল্পনা করে এটা করানো হয়েছে। যদিও প্রশাসন ও শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রধান শিক্ষক তিনমাস ধরে স্কুলে না আসার কারনে একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষক নিজেকে অসুস্থ বলে দাবি করলেও তিনি যথাযথভাবে ছুটি নেননি। এমনকী মিড ডে মিলের দায়িত্বও তিনি কাউকে দিয়ে যাননি। শিক্ষা দপ্তর সূত্রে খবর, সমস্যা মেটাতে নতুন একজন শিক্ষককে টিচার ইনচার্জের দায়িত্ব দেওয়া হযেছে।