• ৫ অক্টোবরের মধ্যে চা শ্রমিকদের ২০ শতাংশ হারে পুজোর বোনাস
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, আলিপুরদুয়ার: এবারও উত্তরবঙ্গের চা শ্রমিকরা পুজো বোনাস পাবেন ২০ শতাংশ হরে। সোমবার এ ব্যাপারে অ্যাডভাইজারি জারি করেছে শ্রমদপ্তর। একই সঙ্গে তাদের নির্দেশ  আগামী ৫ অক্টোবরের মধ্যে প্রদান করতে হবে বোনাস। তবে গতবছর পাহাড়, তরাই ও ডুয়ার্সে রাজ্য সরকারের অ্যাডভাইজারি মানেননি অনেক চা বাগান মালিক। এবার যাতে তা না হয়, সেদিকে সরকারি নজরদারির দাবি তুলেছে শ্রমিক সংগঠনগুলি। পাশাপাশি, তাদের প্রত্যাশা, কিস্তি প্রথার অবসান ঘটিয়ে একলপ্তে মিলবে বোনাস। 

    চা শ্রমিক সংগঠনগুলির সঙ্গে মালিকপক্ষের দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমিকদের পুজোর বোনাসের হার নির্ধারণ করার কথা ছিল। সেই বৈঠকের আগেই চা শ্রমিকদের পুজো বোনাস নিয়ে অ্যাডাভাইজারি জারি করেছে শ্রমদপ্তর। তাতে সই রয়েছে শ্রমদপ্তরের উত্তরবঙ্গ জোনের অতিরিক্ত শ্রম কমিশনার অমল মজুমদারের। প্রশাসন সূত্রে খবর, পাহাড়, তরাই, ডুয়ার্সে চা বাগানের সংখ্যা প্রায় ২৭৫টি। শ্রমিকের সংখ্যা তিন লক্ষের বেশি। গত বছরের মতো এবারও শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস প্রদানের অ্যাডভাইজারি ঘোষণা করা হয়েছে। 

    কিন্তু, দ্বিপাক্ষিক বৈঠকের আগে কেন অ্যাডভাইজারি ঘোষণা করা হল? যাবতীয় অশান্তি এড়াতেই সরকার এমন ঘোষণা করেছে বলে মনা করা হচ্ছে। আলিপুরদুয়ারের এমপি তথা বিজেপির চা শ্রমিক সংগঠন বিটিডব্লুইউয়ের চেয়ারম্যান মনোজ টিগ্গা বলেন, বোনাস নিয়ে উত্তরবঙ্গের চা শিল্পে কোনো অশান্তি হোক, তা চাই না। সেই জন্য শ্রমিকরা কত শতাংশ হারে বোনাস পাবেন, তা আগেই ঘোষণা করে দেওয়া হল। কাজেই, দ্বিপাক্ষিক বৈঠকের আর কোনো প্রয়োজন পড়ল না। 

    এদিকে, বহু চা বাগান আর্থিক সংকটে ধুঁকছে। গত বছরের পুজো বোনাসের পুরো অর্থ অনেক বাগানই শ্রমিকদের দিতে পারেনি। সেই জন্য মাদারিহাটের জয় বীরপাড়া, হান্টাপাড়া, ডিমডিমা বাগানের শ্রমিকরা গত বছরের বোনাসের বকেয়া ১০ শতাংশ অর্থের দাবিতে ইতিমধ্যেই বাগানে বিক্ষোভ দেখিয়েছেন। তৃণমূল কংগ্রেস চা বাগান শ্রমিক ইউনিয়নের দার্জিলিং জেলার (সমতল) সাধারণ সম্পাদক নির্জল দে বলেন, গতবছর অ্যাডভাইজারি  মানেনি বাগান মালিকদের একাংশ। এবার যাতে তা না হয় এবং কিস্তির পরিবর্তে একলপ্তে বোনাস দেওয়ার বিষয়টি সরকারকে দেখতে হবে।  
  • Link to this news (বর্তমান)