• যাদবপুর ক্যাম্পাসে ‘দেশপ্রেম’ বার্তা এসএফআইয়ের, ‘দেশদ্রোহী’ তকমার জবাবে হাতিয়ার গণসঙ্গীত
    প্রতিদিন | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • কার্ল মার্ক্সের উক্তি, ‘কিষেনজি রেড স্যালুট’, ‘ফ্রি প্যালেস্টাইন’ অতীত। হাজার বিতর্কের মাঝে পড়ে নিজেদের ভাবমূর্তি ফেরাতে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশপ্রেমের নিদর্শন তুলে ধরল সিপিএমের ছাত্র সংগঠন। রীতিমতো অনুষ্ঠান করে ক্যাম্পাসে দেশাত্মবোধক গান গাইল এসএফআই। সোমবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গান্ধী ভবনে সংগঠনের যাদবপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান ‘এ দেশ তোমার আমার’। এক ঘণ্টার অনুষ্ঠানে ট্যাগলাইন ছিল ‘স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা’।

    বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় গাওয়া হয় একগুচ্ছ দেশাত্মবোধক গণসঙ্গীত। সংগঠনের পক্ষে অঞ্জিল দাস স্পষ্ট জানান, বাইরের কোনো বক্তা বা শিল্পী নয়, ক্যাম্পাসের ছাত্রছাত্রীরাই ছিলেন এদিনের আয়োজনের মূল কেন্দ্রবিন্দু। বামপন্থীদের দেশপ্রেম ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তাঁরা দাবি করেন, এই মাটিতে দেশপ্রেমের কথা বলার অধিকার তাঁদেরই, আরএসএসের নয়। পরবর্তীকালে তাদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আসার আমন্ত্রণ জানিয়ে অঞ্জিলের মন্তব্য, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ জাতীয় অনুষ্ঠানে এসে তিনি নিজেই দেখে যান বামপন্থী শিক্ষার্থীরা ‘দেশদ্রোহী’ কি না।

    প্রসঙ্গত, ১৯ আগস্ট রাতে ক্যাম্পাসে গন্ডগোলের পর দফায় দফায় বামপন্থী ছাত্রসংগঠনগুলির তুমুল সমালোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিছিল-পালটা মিছিল, দেওয়ালে স্লোগানযুদ্ধ চলে। দেওয়াল মোছা হয়। সেই দেওয়ালে ফের স্লোগান লেখা হয়। এখনও সেই লড়াই জারি। তারই মধ্যে ক্যাম্পাসে স্বেচ্ছাসেবী সংগঠনের মোড়কে জাতীয়তাবাদী সম্মেলনের আয়োজন করে গেরুয়া শিবির। সেখানে হাজির ছিলেন বিজেপি নেতারাও। তারপর থেকেই বামপন্থী ছাত্র সংগঠন পালটা অনুষ্ঠান করার জন্য তাল ঠুকছিল। ‘স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা’ অনুষ্ঠানের মাধ্যমে সেটাই হয়ে গেল সোমবার।

    এদিন শুভেন্দু অধিকারীর আক্রমণের জবাব দিয়ে এসএফআই স্পষ্ট জানিয়েছে, ‘কিষেনজি রেড স্যালুট’ বা ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’র মতো স্লোগান বিতর্কের সঙ্গে এসএফআইয়ের কোনও যোগাযোগ নেই। তবে ‘ফ্রি প্যালেস্টাইন’ নিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থানে তারা অনড়। এদিন তাও ফের স্পষ্ট করে জানিয়েছে বাম ছাত্র সংগঠন।
  • Link to this news (প্রতিদিন)