• সার্কাসের তাঁবুর ভিতর উদ্ধার কর্মীর ঝুলন্ত দেহ! সাতসকালে হুলস্থুল অন্ডালে
    প্রতিদিন | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • সাতসকালে সার্কাসের তাঁবুতে ভয়াবহ দৃশ্য! তাঁবুর ভিতর ঝুলছে কর্মীর দেহ। মঙ্গলবার এমন দৃশ্য ঘিরে হুলস্থুল পরিস্থিতি পশ্চিম বর্ধমানের অন্ডালের উখড়ায়। জানা গিয়েছে, মৃতের নাম অনিলকুমার ঠাকুর, বয়স ৫৭ বছর। তিনি নদিয়ার বেতাই গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে সার্কাসের তাঁবু খুলতেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান অন্য কর্মীরা। খবর ছড়িয়ে পড়তেই মেলা প্রাঙ্গণে হইচই শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় উখড়াস ফাঁড়ির পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে খবর। কর্মীর এই অকস্মাৎ মৃত্যুতে আজকের জন্য শো বন্ধ রাখছে সার্কাসের মালিকপক্ষ।

    অন্ডালের খনি অঞ্চল ও সংলগ্ন গ্রামাঞ্চলের জনপ্রিয় এলাকা উখড়া। সেখানকার ঝুলন মেলা বিখ্যাত। ঝুলন উপলক্ষে বসেছিল সার্কাস। সেখানে দিন পাঁচ-ছয় দিন আগে যোগ দিয়েছিলেন মৃত অনিল। বাড়ির সঙ্গে তাঁর কিছু অশান্তি চলছিল বলে আভাস পান সার্কাসের ম্যানেজার রথীন্দ্রকুমার চট্টোপাধ্যায়। কিন্তু সেখান থেকে এত বড় একটা ঘটনা ঘটে যাবে, ভাবতে পারেননি তিনি। ম্যানেজার রথীন্দ্র কুমার চট্টোপাধ্যায় জানান, ‘‘অনিলবাবু তাঁবু বাঁধা এবং তার নকশা তৈরির কাজে দক্ষ ছিলেন। কিছুদিন আগেই তিনি আমাদের সার্কাসে কাজে যোগ দিয়েছিলেন। সোমবার রাত সাড়ে আটটা পর্যন্ত তিনি কাজ করেছিলেন। শো শেষের পর আমরা যে যার জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর আজ সকালে সার্কাসের তাঁবুর ভিতর তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান কর্মীরা। কিন্তু কী কারণে তার মৃত্যু আমরা বুঝে উঠতে পারছি না।”

    ঘটনার পর থেকেই অনিলের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও মৃতদেহটি যে অবস্থায় উদ্ধার হয়েছে, তাতে এই সন্দেহ বেড়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের মতে, মৃতের পা মাটি ছুঁয়েছিল। তবে কি কেউ খুন করে তাঁর দেহটি ওভাবে ঝুলিয়ে দিয়েছে? প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। খবর পাঠানো হয়েছে মৃতের নদিয়ার বাড়িতে।
  • Link to this news (প্রতিদিন)