তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর হানা। সোমবার সকাল ৬টা থেকে একযোগে কলকাতা, দিল্লি, রাঁচিতে নাদিমুলের ঠিকানায় হানা ইডির। একই সঙ্গে তাঁর সংবাদপত্রের অফিসেও তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। গত অগস্ট মাসের একটি অভিযোগের ভিত্তিতে এই অভিযান বলে ইডি সূত্রের খবর।
গত অগস্ট মাসে বিধাননগর উত্তর থানায় একটি FIR দায়ের হয়। আর্থিক লেনদেন সংক্রান্ত গোলমালের অভিযোগ পেয়ে ECIR করে ইডি। তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়ে, তদন্তকারীদের সন্দেহ, নাদিমুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেআইনি লেনদেন হয়েছে।
কলকাতা পার্ক সার্কাসে নাদিমুলের সংবাদপত্রের অফিস ছাড়াও দিল্লি এবং রাঁচিতে চলছে তল্লাশি। নাদিমুলের একটি উর্দু দৈনিক সংবাদপত্র রয়েছে। পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোডের সেই ঠিকানায় অফিস ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এই সংবাদসংস্থার মাধ্যমে কোটি কোটি টাকার আর্থক লেনদেন হয় বলে ইডি সূত্রে খবর। নাদিমুলের মেয়ে জামাইয়ের ঠিকানায়ও হানা দেন তদন্তকারীরা।
অন্যদিকে দিল্লিতে সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূল কংগ্রেসের অফিসে ইডি আধিকারিকরা। ৬১ সাউথ অ্যাভিনিউয়ের বাংলোটি তৃণমূল সাংসদ নাদিমুল হকের নামে তালিকাভুক্ত। যদিও এই বাড়িতে নাদিমুল হক থাকেন না বলেই খবর। তাঁর নামে তালিকাভুক্ত বাড়ি বরাবরই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হয়। এখানেও সকাল ৭টা থেকে অপেক্ষা করছেন ইডি অফিসাররা। কারণ, দিল্লিতে তৃণমূল পার্টি অফিসের মেন গেটে তালা। দেখা নেই কোনও কর্মীর। ফলে ভিতরে ঢুকতে পারছেন না ইডি আধিকারিকরা। ইডির তরফে তৃণমূল পার্টি অফিসের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।