এই সময়, কোচবিহার: কোচবিহারের অতিরিক্ত জেলাশাসকের গাড়িচালক তাপস সরকার (৩৬) খুনের ঘটনায় তাঁর বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে খুনের মোটিভ, কে বা কারা ঘটনায় জড়িত, তা নিয়ে ধোঁয়াশায় তদন্তকারীরা। তাঁদের ধারণা, নিহতের মোবাইল ফোনেই খুনের রহস্য লুকিয়ে রয়েছে। অনেক চেষ্টা করেও সেই মোবাইলের লক খুলতে না-পারায় এক্সপার্টদের সাহায্য নিতে চলেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।
গত ১৯ অগস্ট পরিচিত একজনের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে কোচবিহার-২ ব্লকের খাপাইডাঙা পঞ্চায়েতের তল্লিতলা এলাকার বাড়ি থেকে স্কুটার নিয়ে বেরিয়েছিলেন তাপস। আর বাড়ি ফেরেনি। বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে চকচকা গ্রাম পঞ্চায়েতের বরগিলা এলাকায় হেরিটেজ রোডের পাশে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। মাথায় পাথর দিয়ে থেঁতলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।
পুলিশ তদন্তে নেমে অন্য এক অতিরিক্ত জেলাশাসকের গাড়ির চালক-সহ মোট দু'জনকে আটক করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। তবে তাঁদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। শনিবার তাপসের পরিচিত যুবক অশোক দাসকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর জমিজমা বিক্রির ব্যবসার পাশাপাশি সোনাপুর এলাকায় একটি মুরগির ফার্ম রয়েছে। নিহতের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল এবং তাঁদের মধ্যে একবার ঝামেলাও হয়েছিল বলে অভিযোগ।
তাপস খুনের পরে এলাকা থেকে অশোক পালিয়ে যাওয়ায় সন্দেহ হয় পুলিশের। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করছেন তদন্তকারীরা। তাপসের ব্যবহৃত মোবাইলে কোনও কিছু রেকর্ডিং রয়েছে কিনা, খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে।