• ‘স্বচ্ছতা সংকল্প অভিযান’-এ জোর মুখ্যমন্ত্রীর
    এই সময় | ০৭ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়: রাজ্যে ডেঙ্গি প্রতিরোধে তৎপর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। কোনও ভাবেই যাতে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি না পায়, তার জন্য যাবতীয় পদক্ষেপ করছে রাজ্য সরকার।

    পুর ও নগরন্নোয়ন দপ্তরের উদ্যোগে গত তিন দিন ধরে রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধমূলক ‘স্বচ্ছতা সংকল্প অভিযান’ অভিযান চালানো হয়েছে। এই অভিযানের সাফল্যের খতিয়ান রবিবার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের ২২টি জেলার ১২৮টি পুরসভার ১৬০০–র বেশি ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও ডেঙ্গি প্রতিরোধে স্বচ্ছতা অভিযান চলেছে।

    রীতিমতো তথ্য–পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, গত তিন দিনে রাজ্যে মোট ৬০৬৫টি নর্দমা পরিষ্কার করা হয়েছে। এবং ১৬০৮টি জায়গা থেকে জঞ্জাল পরিষ্কার করা হয়েছে। এ ছাড়াও রাজ্যের কতগুলি হাসপাতাল, কতগুলি স্কুল–কলেজে এই অভিযান চলেছে, তা–ও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    তাঁর দাবি, ১১৮টি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচ্ছন্নতা অভিযানে সামিল হয়েছিলেন বলেই সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেছেন শুভেন্দু। শুধু রাস্তাঘাট অথবা স্কুল কলেজই নয়, রাজ্যের ৫৪৪টি সরকারি দপ্তরও পরিষ্কার করা হয়েছে।

    ফেসবুক পোস্টে এই স্বচ্ছতা অভিযানকে গণ–আন্দোলনে রূপান্তরিত করার ডাক দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘শুধু পরিষ্কার করাই নয়, এখন সময় সম্মিলিত ভাবে নিজেদের পারিপার্শিক এলাকা পরিষ্কার রাখার সংকল্প নেওয়ার। আসুন, নিজেদের সুস্থ রাখতে, পরিবেশ কে পরিচ্ছন্ন রাখতে এই স্বচ্ছতা অভিযানকে সর্বাত্মক জনআন্দোলনে পরিণত করি।’

  • Link to this news (এই সময়)