দীর্ঘদিনের জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড। জমির মালিকানা নিয়ে দুই ভাইয়ের বিবাদের জেরে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে গুরুতর আহত হলেন একই পরিবারেরই চারজন সদস্য। রবিবার বিকেলে এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকার অন্তর্গত মৌসুনির বালিয়াড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, মৌসুনির বালিয়াড়া এলাকার বাসিন্দা শেখ মোবারক হোসেন মোল্লার সঙ্গে তাঁর এক ভাইয়ের দীর্ঘদিন ধরেই একটি জমির মালিকানা নিয়ে গোলমাল চলছিল। রবিবার বিকেলে মোবারক এবং তাঁর পরিবারের কয়েকজন সেই জমিতে চাষের কাজ করছিলেন। অভিযোগ, সেই সময়েই ১০-১২ জনের একটি দল বাঁশ, লোহার রড এবং ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপরে হামলা করেন।
সূত্রের খবর, মোবারক এবং তাঁর পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে আততায়ীদের সঙ্গে তুমুল লড়াই শুরু হয়। ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত অবস্থায় মোবারক, তাঁর স্ত্রী, ছেলে এবং ছেলের বউ মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা।
এ বিষয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। মোবারকের পরিবারের অভিযোগ, জমির মালিকানা আদায়ের জন্য পরিকল্পিত ভাবে তাঁদের উপরে হামলা করা করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।