• আজ প্রতিমন্ত্রীদের কাজ খতিয়ে দেখবেন মোদী?
    এই সময় | ০৭ সেপ্টেম্বর ২০২৬
  • সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি

    আজ, সোমবার দিল্লিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের সঙ্গে সমীক্ষা বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই দাবি সরকারি সূত্রের৷ এক দশকেরও বেশি সময় পরে আবার নিজের সরকারের 'জুনিয়র' মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন, তা–ও এমন একটা সময়ে, যখন কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ ঘিরে জল্পনা তুঙ্গে৷

    চলতি মাসের যে কোনও সময়েই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করা হতে পারে বলে খবর। এই আবহে সোমবারের সমীক্ষা বৈঠকে প্রধানমন্ত্রী 'জুনিয়র' মন্ত্রীদের পারফরম্যান্স পর্যালোচনা করবেন বলে খবর।

    ভালো পারফরম্যান্স করা জুনিয়র মন্ত্রীরা 'প্রোমোশন' পেতে পারেন, এটা বুঝে একাংশের মধ্যে চাপা টেনশন শুরু হয়েছে বলেও সূত্রের দাবি৷ এর আগে 'কাউন্সিল অফ মিনিস্টার্স' বৈঠকে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী যে ভাবে ডিজিটাল প্রেজেন্টেশনে নিজেদের মন্ত্রক সম্পর্কে প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন, সোমবারের সমীক্ষা বৈঠকেও প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সামনে ডিজিটাল প্রেজেন্টেশন দেবেন বলে শোনা যাচ্ছে৷

    প্রধানমন্ত্রী পদে বসার ৯ মাসের মধ্যে ২০১৫–তে প্রথমবার নিজের সরকারের 'জুনিয়র' মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন মোদী৷ প্রত্যেক প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন, নিজের নিজের নির্বাচনী কেন্দ্রে গিয়ে আমজনতার সঙ্গে কথা বলে কেন্দ্রীয় প্রকল্পের সম্পর্কে 'ফিডব্যাক' সংগ্রহ করতে৷ সোমবারের বৈঠকে এই বিষয়ে জুনিয়র মন্ত্রীদের অবস্থান জানতে পারেন প্রধানমন্ত্রী৷

    এই মুহূর্তে মোদী সরকারে ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কর্মরত রয়েছেন৷ সরকারি সূত্রের দাবি, প্রধানমন্ত্রী মোদীর সমীক্ষা বৈঠকে প্রত্যেক প্রতিমন্ত্রীকে বক্তব্য রাখার জন্য ৩ মিনিট করে সময় দেওয়া হবে। নিজের মন্ত্রকের সাফল্য এবং বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করার পাশাপাশি প্রতিমন্ত্রীকে জানাতে হবে ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষের আগে 'বিকশিত ভারত' গড়ার লক্ষ্যে তাঁর রূপরেখা কী? প্রতিমন্ত্রীদের মধ্যে কারও সঙ্গে মোদী একান্তে কোনও আলাপচারিতা করেন কি না, সেদিকেও নজর থাকবে সবপক্ষের।

  • Link to this news (এই সময়)