এই সময়, কালনা: যেই ভুট্টা বিক্রি করে লাভের কড়ি ঘরে তোলার কথা তখনই বিপত্তি। একের পর এক মাঠ ভরা পরিপক্ক ভুট্টা সাবাড় করে দিচ্ছে হনুমানের দল।
ফলে একেবারে তীরে এসে তরী ডোবার মতো চরম ক্ষতির মুখে পড়ে দিশাহারা হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা।
নাদনঘাটের সমুদ্রগড়ের ভাগীরথী তীরবর্তী এলাকায় প্রতি বছরই প্রচুর ভুট্টার চাষ হয়। ভালো দাম পাওয়ায় এতদিন লাভের মুখ দেখছিলেন কৃষকরা। কিন্তু এ বার হনুমানের তাণ্ডবে তাঁদের মাথায় হাত।
এক-একটি দলে প্রায় ৫০ থেকে ৬০টি করে হনুমান একযোগে হামলা চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় চাষি সাক্ষী ঘোষ বলেন, 'সকালে মাঠে আসার আগেই হনুমানের দল পৌঁছে সাফ করে দিচ্ছে ভুট্টা।'
চাষি গণেশ দাস হতাশ হয়ে বলেন, 'হনুমান ভুট্টা খেতে ভালোবাসে। তাই ওদের এই উপদ্রব বন্ধ হবে বলে মনে হয় না। তাই ঠিক করেছি আর ভুট্টার চাষ করব না।'