এই সময়, চোপড়া: বিজেপির দলীয় অনুষ্ঠানের মঞ্চে স্থানীয় থানার আইসির উপস্থিতিকে কেন্দ্র করে বিতর্ক। শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় বিজেপির শিক্ষা সেলের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চোপড়া পঞ্চায়েত সমিতির হলঘরে ওই অনুষ্ঠানের সভামঞ্চে চোপড়া থানার আইসি কেশব বড়ালের উপস্থিতি নিয়ে বির্তকের সৃষ্টি হয়। একজন পুলিশ আধিকারিক ইউনিফর্মে কী ভাবে একটি রাজনৈতিক দলের সভায় উপস্থিত হতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
যদিও এ বিষয়ে আইসি কেশব বলেন, 'যে হেতু শিক্ষকদের নিয়ে অনুষ্ঠান, তাই আমি গিয়েছি।' জেলা পুলিশ সুপার রাকেশ সিং এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। সিপিএমের জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন, 'পুলিশ একসময় তৃণমূলের দলদাস হয়ে কাজ করতেন, এখন বিজেপির হয়ে কাজ করছে।'
চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মহম্মদ মসিরুদ্দিন বলেন, 'পুলিশের আইসি বিজেপির অনুষ্ঠানে গেরুয়া উত্তরীয় পরে সভামঞ্চে বসে আছেন। এর আমরা তীব্র প্রতিবাদ জানাই।' বিজেপির জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, 'ব্যক্তিগত নিমন্ত্রণ রক্ষা করতে যে কেউ যেতেই পারেন। তবে রাজনৈতিক দলের মঞ্চে পুলিশের ইউনিফর্ম পরে উপস্থিতি শোভনীয় নয়।'