• ‘নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন...’, লন্ডনের সভা থেকে কাকে বার্তা দিলেন RSS প্রধান ভাগবত?
    এই সময় | ০৭ সেপ্টেম্বর ২০২৬
  • রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিরুদ্ধে সাম্প্রদায়িক ঘৃণা, বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে একাধিক বার। রবিবার লন্ডনে সংগঠনের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক সভায় তার জবাব দিতে গিয়ে ‘শুদ্ধ প্রেমের’ কথা বললেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। তাঁর কথায়, ‘কিছু মানুষকে বলতে শুনেছি, আমরা নাকি ঘৃণা ছড়াই। কিন্তু আমাদের কাজের ভিত্তি হলো শুদ্ধ সাত্ত্বিক প্রেম, একাত্মবোধ।’

    রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের সভা ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল ব্রিটেনে। তাঁকে যাতে অনুষ্ঠান করতে না দেওয়া হয়, সেই দাবিতে সরব হয়েছিল একাধিক সংগঠন। সেই সবের মধ্যেও এ দিন তাঁর সভায় বিপুল মানুষ উপস্থিতি হয়েছিলেন। ভাগবতের বক্তব্যের মূল সুরও ছিল একাত্মবোধ। তিনি বলেন, ‘একাত্মবোধের ভাবনা শুধু ব্যক্তির সম্পর্কে ভাবলে ভুল হবে। পরিবার থেকে সম্প্রদায়, সমাজ থেকে সমগ্র মানবজাতি—সবকিছুই এর মধ্যে পড়ে।’

    প্রকৃতির সঙ্গেও মানুষের সম্পর্ককেও এক সুতোয় বেঁধেছেন তিনি। ভাগবতের কথায়, ‘একজন হিন্দু শুধু ব্যক্তি নন। তিনি একই সঙ্গে পরিবার, সম্প্রদায়, সমাজ এবং মানবতার অংশ। হিন্দুরা শুধু পুজো করে না, প্রকৃতিকে ভালোবাসে।’ আরএসএসের ১০০ বছরের যাত্রার কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। ভাগবতের দাবি, এক শতাব্দী পেরিয়েও সংগঠনের মূল দর্শনে একচুলও ভাটা পড়েনি। স্বয়ংসেবকদের আচরণ এবং সংগঠনের পরিবেশে এখনও সেই ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেমের’ ছাপ রয়েছে।

    ‘হিন্দু রাষ্ট্র’ এবং হিন্দু সভ্যতা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন ভাগবত। তাঁর বক্তব্য, হিন্দু সভ্যতার ধারণার কেন্দ্রে রয়েছে বৈচিত্র্যের স্বীকৃতি এবং তার ঐক্য। ভাগবতের কথায়, ‘হিন্দু কোনও ধর্ম বা উপাসনা পদ্ধতি নয়। এই দেশে নাস্তিক থেকে বহুঈশ্বরবাদীরা এসেছেন। সকলেরই এক লক্ষ্য।’ বিভিন্ন মতবাদ এবং উপাসনা পদ্ধতির সহাবস্থানের পক্ষেও সওয়াল করেন তিনি। আরএসএস প্রধানের কথায়, ‘এক মতের সঙ্গে অন্য মতের সংঘাতের প্রয়োজন নেই।’

    ঐক্যের সঙ্গে পরিবেশ এবং উন্নয়নের ভাবনাকেও জুড়ে দেন ভাগবত। তাঁর মতে, মানুষ ও প্রকৃতিকে আলাদা করে দেখলে প্রতিযোগিতা বাড়ে। আর দু’টিকে পরস্পরের অংশ হিসেবে দেখলে তৈরি হয় সহযোগিতার মনোভাব। এর পরেই তাঁর বার্তা, ‘নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন—শুধু নয়, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন এবং অন্যকে বাঁচতে সাহায্যও করুন।’ তাঁর মতে, এই ভারসাম্যের ভাবনাই বিশ্বের সামনে তুলে ধরতে হবে হিন্দুদের।

    আরএসএসের কাজের ভিত্তি কী বলে দাবি করেছেন মোহন ভাগবত?

    তাঁর দাবি, আরএসএসের কাজের ভিত্তি ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ এবং একাত্মবোধ, ঘৃণা নয়।

    ভাগবতের কাছে ‘একাত্মবোধ’ বলতে কী বোঝায়?

    ব্যক্তি, পরিবার, সম্প্রদায়, সমাজ এবং সমগ্র মানবজাতিকে পরস্পরের সঙ্গে যুক্ত করে দেখার ধারণাকেই তিনি একাত্মবোধ বলেছেন।

    ‘হিন্দু রাষ্ট্র’ সম্পর্কে কী বলেছেন ভাগবত?

    তাঁর বক্তব্য, ‘হিন্দু রাষ্ট্র’-এর ধারণার কেন্দ্রে রয়েছে বৈচিত্র্যকে স্বীকার করার পাশাপাশি তার মধ্যে মৌলিক ঐক্যকে উপলব্ধি করা।

    হিন্দু সম্পর্কে ভাগবতের বক্তব্য কী?

    তিনি বলেছেন, ‘হিন্দু’ কোনও নির্দিষ্ট ধর্ম বা উপাসনাপদ্ধতি নয়; বিভিন্ন মত ও উপাসনার পথ পাশাপাশি চলতে পারে।

    পরিবেশ নিয়ে কী বার্তা দিয়েছেন আরএসএস প্রধান?

    মানুষ ও প্রকৃতিকে আলাদা না দেখে পরস্পরের অংশ হিসেবে দেখার কথা বলেছেন তিনি। তাঁর মতে, উন্নয়ন ও পরিবেশরক্ষা পরস্পরের বিরোধী নয়, বরং পরিপূরক হওয়া উচিত।

  • Link to this news (এই সময়)