বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় টানা চারবার প্রথম বর্ধমানের প্রত্যয়
eTV Bharat | ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুর্শিদাবাদ, 6 সেপ্টেম্বর: বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার 80তম সংস্করণে প্রথম হলেন বর্ধমানের বাসিন্দা প্রত্যয় ভট্টাচার্য ৷ এনিয়ে পরপর চারবার এই প্রতিযোগিতায় প্রথম হলেন পেশায় ব্যাঙ্ক কর্মী প্রত্যয় ৷ মুর্শিদাবাদে ভাগীরথী নদীতে 81 কিলোমিটার দীর্ঘ এই সাঁতার প্রতিযোগিতা 11 ঘণ্টা 20 মিনিটে শেষ করেন 26 বছরের এই যুবক ৷ অন্যদিকে, 19 কিলোমিটারের ছেলে ও মেয়েদের সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঐশানি সরকার ৷
মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভাগীরথী নদীর আহিরণ ঘাট থেকে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷ ভাগীরথী নদীতে রবিবার ভোর 5টায় এই সাঁতার প্রতিযোগিতা শুরু হয় ৷ যা শেষ হয় বহরমপুর কলেজ ঘাটে ৷ বাংলাদেশের তিন প্রতিযোগী-সহ ভারতের সাতটি রাজ্যের মোট 28 জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন ৷
প্রত্যয়ের মা শর্মিলা ভট্টাচার্য এদিন ছেলের সাঁতার প্রতিযোগিতার সাক্ষী ছিলেন ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, "ছেলে ব্যাঙ্ক কর্মী ৷ সাঁতার ওর নেশা ৷ ছেলে পরপর চারবার প্রথম হওয়ায় আমি খুব খুশি হয়েছি ৷" দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করেছেন বাংলাদেশের দুই প্রতিযোগী নুরুল ইসলাম এবং পলাশ চৌধুরী ৷
প্রত্যয়ের আগে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী ছিলেন ফ্রান্সের প্রতিযোগী লুইস ৷ তবে, ভিসা সমস্যার জন্য তিনি ভারতে আসতে পারেননি প্রতিযোগিতায় অংশ নিতে ৷ এনিয়ে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, "ভিসা সমস্যার কারণে ফ্রান্স, আর্জেন্তিনা ও বাংলাদেশের সাতজন প্রতিযোগী এবার অংশ নিতে পারেননি ৷ তাঁদের আগামী বছরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ৷"
অন্যদিকে, জেলার জিয়াগঞ্জ ঘাট থেকে 19 কিলোমিটারের আরেকটি সাঁতার প্রতিযোগিতা শুরু হয় দুপুর একটার সময় ৷ সেখানে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 56 জন প্রতিযোগী সাঁতারে অংশ নেন ৷ তাঁদের মধ্যে 15 জন মহিলা ছিলেন ৷ ওই প্রতিযোগিতায় ঐশানি সরকার প্রথম হয়েছেন ৷
এই সাঁতার প্রতিযোগিতার সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা সম্পর্ক রয়েছে ৷ 1943 সালে মুর্শিদাবাদের স্বাধীনতা সংগ্রামী শৈলেন অধিকারী এই 81 কিলোমিটারের প্রতিযোগিতার সূচনা করেছিলেন ৷ তাঁর উদ্দেশ্য ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ভারতের যুবসমাজকে শারীরিকভাবে সুস্থ ও সবল রাখা ৷
জেলা পুলিশ, প্রশাসন ও রাজ্য সরকারের সহযোগিতায় বিশ্বের দরবারে এই প্রতিযোগিতার 80 তম সংস্করণ সংঘটিত হল ৷ রবিবার সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের নিজস্ব কমপ্লেক্স থেকে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় ৷