• ‘আই লাভ ইউ উত্তম’ প্রতিযোগিতা স্বর উচ্চগ্রামে উঠলেই মিলবে পুরস্কার
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দন চত্বরে স্বয়ংক্রিয় যন্ত্রের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে ‘আই লাভ ইউ উত্তমকুমার’ বললে মিলবে আকর্ষণীয় পুরস্কার। বারুইপুর থেকে নন্দনে এসেছিলেন সোমা হালদার। তাঁর ‘আই লাভ ইউ উত্তমকুমার’ ডাক ১২০ ডেসিবেল পৌঁছয়। পান মহানায়কের ছবি দেওয়া কলম। রাজ্য সরকার আয়োজিত ‘শতবর্ষে মহানায়ক’ উদযাপনের তৃতীয় দিন, শনিবার শুরু হয়েছে এই প্রতিযোগিতা।

    এদিন শিশির মঞ্চে ‘উত্তমকুমার : আজকের অভিনেত্রীদের চোখে’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন হয়েছিল। তাতে অংশ নেন মমতা শংকর, রূপা গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, গার্গী রায়চৌধুরী, পৌলমী বসু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ঋতুপর্ণাদেবী বলেন, ‘উত্তমকুমার এক গোলকধাঁধা। যাঁকে কখনও ডিকোড করা যায় না।’ সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমীদেবীর কথায়, ‘বাবা কোনোদিন উত্তমকুমার হওয়ার চেষ্টা করেননি। প্রতিযোগিতাতেও যাননি। বাবার কাছে উত্তমকুমার ছিলেন একটি লক্ষ্য।’ এদিন ‘অভিনেতা উত্তমকুমার’ নামে দ্বিতীয় একটি সভা হয়। সেখানে মহানায়ককে নিয়ে আলোচনা করেন, অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, রুদ্রনীল ঘোষ প্রমুখ।
  • Link to this news (বর্তমান)