সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির
প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৬
সন্তানকে যোগাসন শেখাতে নিয়ে যেতেন মা। তা থেকেই যোগাসনের প্রতি আগ্রহ। সেই অভ্যাসই জেলা-রাজ্য স্তরের পর মা-ছেলেক নিয়ে গেল আন্তর্জাতিক মঞ্চে। থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন নদিয়ার শান্তিপুরের মা-ছেলের জুটি।
শান্তিপুরের গোবিন্দপুরের বাসিন্দা পপি বিশ্বাস। তাঁর ছেলে স্বর্ণক বিশ্বাস। সে শান্তিপুরের একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। প্রথমদিকে ছেলে যোগাসন শেখাতে নিয়ে যেতেন মা। যোগাসনের প্রতি ছেলের আগ্রহ দেখে তিনিও অনুপ্রাণিত হন। শরীরচর্চা হিসাবে শুরু করেন যোগাসন। ধীরে ধীরে তা আর শরীরচর্চার অংশ হিসাবে থেমে থাকেনি। রীতিমতো প্রতিযোগিতায় নামার জন্য অনুশীলন করতে থাকেন পপি।
প্রথমে জেলাস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ। সেখানে সাফল্য। তারপর রাজ্যস্তরে। শুধু পপি নন, সমান তালে নিজের বিভাগে এগিয়ে চলে ছোট্ট স্বর্ণক। এরপর আর ফিরে তাকাতে হয়নি মা-ছেলেকে। এবার দেশের হয়ে আন্তজার্তিক মঞ্চে নামতে চলেছে এই জুটি। পপি বলেন, “প্রথমে ছেলেকে যোগাতে ভর্তি করিয়েছিলাম। পরে ওর সঙ্গে আমিও অনুশীলন শুরু করি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। জয় পাওয়ারর পর ভালোবাসা শুরু। আগে দেশের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এই প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।”
থাইল্যান্ডে এশিয়া প্যাসিফিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬ আয়োজিত করা হয়েছে। ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ডে এই প্রতিযোগিতা চলবে। ৮ তারিখ নামবে দুই জন। ইতিমধ্যেই থাইল্যান্ডে রওনা দিয়েছেন তাঁরা। ছেলের হাত ধরে মায়ের এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার। এলাকার বাসিন্দারও খুশির জোয়ারে ভাসছেন। সকলেই চাইছেন এই প্রতিযোগিতা জিতে তাঁরা দেশের নাম উজ্জ্বল করুক। ৮ তারিখ আন্তর্জাতিক মঞ্চে মা-ছেলেকে দেখতে মুখিয়ে শান্তিপুরবাসী।