নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধসের কারণে ট্রেন চলাচলা বিঘ্নিত। এই পরিস্থিতিতে শুক্রবার উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ রেখে কাজ করেছে রেল। শনিবার সকাল পর্যন্তও সেই মেরামতির কাজ শেষ হয়নি। তাই এ দিন রুট বদল করেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘুরপথে চালানো হবে বন্দে ভারত, শতাব্দী এবং সরাইঘাট এক্সপ্রেস।
পূর্ব রেল জানিয়েছে, নির্ধারিত রুটের পরিবর্তে নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–কাটোয়া–ব্যান্ডেল রুট দিয়ে কিছু ট্রেন চালানো হবে। নিউ জলপাইগুড়ি থেকে শতাব্দী এক্সপ্রেস এবং গুয়াহাটি থেকে সরাইঘাট এক্সপ্রেস হাওড়ায় ফিরবে এই রুট দিয়ে। আবার হাওড়া থেকে রওনা হয়ে এই রুট দিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া–রাধিকাপুর কুলিক এক্সপ্রেস এবং কলকাতা–হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসও এই পথে চলবে।
শনিবার নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–নলহাটি রুট দিয়ে চলবে বালুরঘাট–এসএমভিবি বেঙ্গালুরু এক্সপ্রেস, আগরতলা–চারলাপল্লি এক্সপ্রেস, এসএমভিবি বেঙ্গালুরু–রাধিকাপুর এক্সপ্রেস এবং তাম্বারাম–নিউ তিনসুকিয়া এক্সপ্রেস। আবার কাটিহার-মানসি-মুঙ্গের-কিউল রুট দিয়েও কিছু ট্রেন চালানো হবে। সেই তালিকায় রয়েছে— মালদা টাউন–নয়া দিল্লি এক্সপ্রেস, ভাটিন্দা–বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস এবং উধনা–মালদা টাউন স্পেশাল।