• বাংলা সিনেমার জন্য আরও হল চান শমীক, নতুন প্রেক্ষাগৃহ তৈরির আর্জি সরকারকে
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়: বাংলা সিনেমার পাশে দাঁড়ালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। আরও বেশি করে বাংলা সিনেমা দেখানোর জন্য তিনি রাজ্যে নতুন প্রেক্ষাগৃহ তৈরির আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে।

    শুক্রবার উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে রবীন্দ্র সদনে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে তিনি টলিউডের কলাকুশলীদের আশ্বস্ত করে জানান, বাংলায় আরও ভালো ভালো সিনেমা তৈরির জন্য রাজ্য সরকার সবরকম সাহায্য করতে প্রস্তুত। ঠিক কী ভাবে রাজ্য সরকার টলিউডকে সাহায্য করতে চলেছে আগামীতে, তারও ইঙ্গিত মিলেছে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য।

    এ দিন রবীন্দ্র সদনের অনুষ্ঠানে মঞ্চে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও। তাঁকে উদ্দেশ করে শমীক বলেন, ‘অর্থমন্ত্রী এখানে আছেন। তাঁর কাছে আমি দলের পক্ষ থেকে প্রকাশ্যেই একটা আবেদন করছি। সরকারি উদ্যোগে আরও কিছু প্রেক্ষাগৃহ যদি তৈরি করা হয়। কারণ, এখন সিনেমা হল বলে আর কিছু নেই। সিনেমা হল বলতে আমরা যা বুঝি, তা কার্যত হারিয়ে গিয়েছে।’ স্বপনের কাছে তাঁর আরও আর্জি, ‘দর্শক টানতে বাংলা ছবিকে যদি বেশ কিছু জায়গায় করমুক্ত করে দেওয়া যায়, তা হলে খুব ভালো হয়।’

    নাটক এবং সিনেমাপ্রেমী হিসেবে শমীকের পরিচিতি রয়েছে। রাজনৈতিক কার্মকাণ্ডের মধ্যে কিছুটা সময় বের করতে পারলে শমীক এখনও নাটক দেখতে ছোটেন। ফলে নাটক এবং সিনেমার সঙ্গে যুক্ত শিল্পীদের সমস্যাগুলি সম্পর্কেও শমীক ওয়াকিবহাল। এ দিন সে রকমই একটা সমস্যার সুরাহার বার্তা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র সদনে ঘোষণা করেন, ‘সরকারি আবাসন এবং সরকারি সার্কিট হাউসে পরিচালকরা যাতে কোনও রকম শুল্ক ছাড়া শুটিং করতে পারেন, সেই ব্যবস্থা আমরা করব। সরকার এই ইন্ডাস্ট্রির পাশে থাকবে। আমাদের লক্ষ্য চলচ্চিত্র শিল্পের উন্নতি করা।’ উত্তম কুমারকে স্মরণ করতে গিয়ে শমীক বলেন, ‘দুপুরবেলা কলেজ পালিয়ে সিনেমা দেখার দিন হয়তো নেই। কিন্তু উত্তম কুমার হারিয়ে যাননি। পা‍লিয়ে যাননি। মলের আবহে মিশেও যাননি। উনি আমাদের মধ্যেই আছেন। তীব্র ভাবে আছেন।’
  • Link to this news (এই সময়)