• বিশ্বফুটবলের পাওয়ার হাউজদের সামনে ভারত, ৮ ম্যাচে ৮৬ গোলের খুদেরাই দেখাচ্ছে স্বপ্নের ইঙ্গিত!
    আজকাল | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলকে ঘিরে দেশে নতুন করে উন্মাদনা তৈরি হচ্ছে। সামনে ব্রাজিল, পানামা ও উরুগুয়ের মতো শক্তিশালী ফুটবল দেশের বিরুদ্ধে ম্যাচ। ফলে দেশে যেন বইতে শুরু করেছে ফুটবলের নতুন হাওয়া।

    বিদেশের মাটিতে একের পর এক চমকপ্রদ সাফল্য এনে নজর কেড়েছে দেশের খুদে ফুটবলাররা। ইউরোপের মাটিতে ভারতীয় খুদে ফুটবলারদের ঐতিহাসিক সাফল্য আরও আশার আলো দেখাচ্ছে। ক্রিকেটের তুলনায় ফুটবলে তুলনামূলকভাবে কম অর্থ ও সুযোগ থাকা সত্ত্বেও দেশের খুদে ফুটবলাররা আন্তর্জাতিক মঞ্চে পরপর চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দিয়েছে।

    এই সাফল্যের নেপথ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রঞ্জিত বাজাজ। নিজের সামর্থ্যের পাশাপাশি ঋণ নিয়েও তিনি খুদে ফুটবলারদের ইউরোপে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। এমনকি পরিবারের গয়না বিক্রি করেও তাদের আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ করে দেওয়ার কথা উঠে এসেছে। সুযোগ পেয়েই নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছে এই খুদে ফুটবলাররা।

    ইউরোপের হেলসিঙ্কি টুর্নামেন্টের পর সুইডেনে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বড় যুব ফুটবল প্রতিযোগিতা গোথিয়া কাপের অনূর্ধ্ব-১২ বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। পরপর ৮টি ম্যাচ জিতে তারা গড়েছে নজির। পুরো প্রতিযোগিতায় প্রতিপক্ষের জালে ৮৬টি গোল করেছে তারা। শুধু তাই নয়, ইংল্যান্ডকে ১২-০ এবং ফ্রান্সকে ১৭-১ গোলে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। আর ফাইনালে ব্রাজিলের আরেস স্পোর্টস ইয়েলোর বিরুদ্ধে ২-১ গোলের জয় এনে দিয়েছে আরও বড় চমক। চমকে দেওয়ার মতো ব্যাপার হল, বেশিরভাগ খুদে প্রতিভাই মণিপুরের।

    এই সাফল্য আবারও সামনে এনে দিয়েছে ভারতের ফুটবল নিয়ে পুরনো প্রশ্ন, দেশে প্রতিভার অভাব, নাকি সুযোগের? দেশের খুদেরা কিন্তু সুযোগ পেলেই দেখিয়ে দিতে পারে। বিশ্ব ফুটবলের পাওয়ার হাউজদের বিরুদ্ধে টক্কর দিতে পারে। তাদের মাটি ধরাতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় খেলার সুযোগ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা পেলে ভারতীয় ফুটবলও রং ছড়াতে পারে। দেশে ফুটবল প্রতিভার অভাব কিন্তু নেই। প্রয়োজন শুধু সেই প্রতিভাকে সঠিকভাবে তুলে ধরার ব্যবস্থা।

    আর সেই কারণেই রঞ্জিত বাজাজের দাবি, তাঁকে ভারতের অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হোক। তাঁর বিশ্বাস, সঠিক দায়িত্ব ও প্রয়োজনীয় সমর্থন পেলে ভারত থেকেও বিশ্বমানের ফুটবলার তৈরি করা সম্ভব।

    এদিকে সামনে ব্রাজিল, পানামা ও উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে ম্যাচ। ফলে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বড় দলের বিরুদ্ধে ভারতের লড়াই যেমন কঠিন পরীক্ষা হতে চলেছে, তেমনই এই ম্যাচগুলো দেশের ফুটবলারদের জন্য নিজেদের সামর্থ্য দেখানোর বড় মঞ্চ। খুদে ফুটবলারদের ইউরোপ জয় থেকে শুরু করে সামনে বড় ফুটবল শক্তির বিরুদ্ধে ভারতের লড়াই, সব মিলিয়ে ভারতীয় ফুটবলকে ঘিরে যেন নতুন করে আশার সঞ্চার হয়েছে।

    প্রশ্ন এখন একটাই, এই প্রতিভা ও উত্তেজনাকে কি দীর্ঘমেয়াদি সাফল্যে পরিণত করতে পারবে ভারত?সময়ই দেবে তার উত্তর। তবে একটা বিষয় স্পষ্ট, দেশের ফুটবল প্রতিভার অভাব নেই, দরকার শুধু আরও বেশি সুযোগ, সঠিক পরিচর্যা এবং সমর্থন।
  • Link to this news (আজকাল)