• পুজোর আগেই শুরু আইএসএল, ফিরছে পুরনো ফরম্যাটে? অবশেষে বিস্তারিত ঘোষণা ফেডারেশনের
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • আইএসএল কবে থেকে শুরু হবে? শেষ পর্যন্ত কারা কারা খেলবে? ফরম্যাট কী হবে? কবে পর্যন্ত চলবে? বিভিন্ন মহলে জল্পনা ছিলই। এবার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানিয়ে দেওয়া হল আইএসএল কর্তৃপক্ষের তরফ থেকে। এর আগে রিলায়েন্স দেশের সেরা লিগ চালাত। গত মরশুমে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কোনও রকমে লিগ চালিয়েছে। এবার ক্লাবগুলো জোটবদ্ধ হয়ে লিগ চালাবে।

    আইএসএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ অক্টোবর থেকে লিগ শুরু হবে। চলবে আগামী বছরের মে মাস পর্যন্ত। খেলবে ১৩টি দল। চিরাচরিত হোম-অ্যাওয়ে ফরম্যাটে লিগ হবে। পুরনো ভাবেই লিগ পর্ব শেষে যে দল শীর্ষে থাকবে, তাদের শিল্ড চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এরপর সেরা ৬ দলের প্লেঅফ ফরম্যাটে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে। এবার মোট ১৬৩টি ম্যাচ হবে।

    এআইএফএফের তরফ থেকে জানান হয়েছে, ‘ফেডারেশন ও ক্লাব জোট একত্রে লিগ আয়োজন করছে। যা ভারতীয় ফুটবলকে নতুন দিকে নিয়ে যাবে। যাতে ফুটবল ক্যালেন্ডার তৈরি হয়, নতুন ভারতীয় প্রতিভা খুঁজে পাওয়া যায় এবং ভারতীয় ফুটবলের উন্নতির জন্য আদর্শ পরিমণ্ডল গড়ে তোলা।’ এবার আইএসএলে খেলবে বেঙ্গালুরু, চেন্নাইয়িন, চার্চিল ব্রাদার্স, ইস্টবেঙ্গল, এফসি গোয়া, ইন্টার কাশী, কেরালা ব্লাস্টার্স, মোহনবাগান, মুম্বই সিটি, নর্থইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি, পাঞ্জাব এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি। এদের মধ্যে চার্চিলের অংশগ্রহণ কর্তৃপক্ষের অনুমোদনের সাপেক্ষে।

    তবে শুরুতে ১৪টি দলকে নিয়ে লিগ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ জমা দিতে না পারায় বাদ পড়েছে কলকাতার ডায়মন্ড হারবার এফসি। এআইএফএফ জানিয়েছে, ডায়মন্ড হারবার এফসির জন্য অবনমনের নিয়মে কোনও ছাড় দেওয়া হবে না। অর্থাৎ লিগ টেবিলের একেবারে নীচে রাখা হবে ও পরের মরশুমে খেলতে হবে দ্বিতীয় ডিভিশনের লিগে। অর্থাৎ, অবনমিত দলটি হবে ডায়মন্ড হারবারই। ফলে পরের মরশুমে ফের ১৪টি দলকে নিয়ে আইএসএল আয়োজন করার পথও খোলা থাকছে।
  • Link to this news (প্রতিদিন)