• কলকাতা লিগের ডার্বিতে স্ট্র্যাটেজি তৈরি দিলেমপেরিসের, শেষমেশ কাদের ছাড়ছেন হাবাস?
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • কলকাতা লিগে মোহনবাগানের কোচ বাস্তব রায়। কিন্তু ডার্বির গুরুত্ব এতটাই বেড়ে গিয়েছে যে, গত কয়েক মরশুম ধরে যে ঘরোয়া লিগকে মোহনবাগান ডেভলপমেন্ট লিগ হিসাবে গণ্য করত, সেই লিগের ডার্বিতে বাস্তবের বদলে স্ট্র্যাটেজি করছেন স্বয়ং হেড কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। সেখানে ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস এখনও পর্যন্ত ঘরোয়া লিগের ডার্বি নিয়ে সিনিয়র ফুটবলারদের ছাড়তে নারাজ। বরং ঘরোয়া লিগে কোচিং করানো অর্চিষ্মান বিশ্বাসের পরিকল্পনাতেই তাঁর আস্থা।

    সোমবার কলকাতা লিগের ডার্বিতে মোহনবাগানের রক্ষণে শুভাশিস বসু, রাহুল ভেকে, অ্যালেক্স সাজি, রাজ বাসফোররা খেললে অবাক হওয়ার কিছু থাকবে না। মাঝমাঠে আপুইয়া, সন্দীপ আর দুই উইংয়ে লিস্টন ও কিয়ানের থাকার সম্ভাবনাই বেশি। সামনে সাহাল আর মনবীর। গোলে থাকতে পারেন দীপ্রভাত ঘোষ।

    আপাতত এই রকমই দল সাজাতে পারেন মোহনবাগান কোচ। যদিও হাতে এখনও দিন দু’য়েক। এর মধ্যে পরিকল্পনায় বদল এলেও আসতে পারে। তবে খুব বেশি বদল হওয়ার সম্ভবনা নেই। শোনা যাচ্ছে, সায়ন বন্দ্যোপাধ্যায়ের হালকা চোট রয়েছে। তিনি ফিট হলে লিস্টনের পরিবর্তে আসতে পারেন। আবার ভূমিপুত্রের নির্দিষ্ট সংখ্যা রয়েছে, সেটাও মানতে হবে। এদিন সুহেল ভাটকে আলাদা করে অনুশীলন করানোর নির্দেশ দেন মোহনবাগান কোচ দিলেমপেরিস।

    অন্যদিকে, ইস্টবেঙ্গলের ঘরোয়া লিগের ফুটবলারদের এদিন বিশ্রাম দিয়েছিলেন কোচ অর্চিষ্মান। সিনিয়র দলের অনুশীলন থাকলেও রিজার্ভ দলের ফুটবলাররা অনুশীলন করেননি। শনিবার ও রবিবার অনুশীলন করে সোমবারের ডার্বিতে নামবেন আকাশ হেমব্রমরা। চোট কাটিয়ে শনিবার অনুশীলনে নামবেন জেসিন টিকেও।

    আগের ম্যাচের পরই ইস্টবেঙ্গল কোচ অর্চিষ্মান বলেছিলেন, সিনিয়র দল থেকে ফুটবলার পেলে ভালো হয় তাঁর। তবে পুরো বিষয়টি নির্ভর করছে ম্যানেজমেন্টের উপর। যদিও এক্ষেত্রেও হাতে এখনও দু’দিন সময় রয়েছে। এই দুই দিনে যদি লোপেজকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বোঝাতে পারেন, তাহলে হয়তো কয়েকজন সিনিয়র ফুটবলারকে দেখা যেতে পারে এই ডার্বিতে। আর যদি না হয়, তাহলে রিজার্ভ দল নিয়েই ডার্বিতে নামবেন অর্চিষ্মান। তবে সিনিয়র দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলার এডমুন্ড, ডেভিড ও সন্দীপ মান্ডিকে ডুরান্ড ফাইনালে দেখা যেতে পারে। ডার্বি হেরেছে মোহনবাগান। ফলে লিগের ডার্বি এবার সম্মানের লড়াই সবুজ-মেরুন ব্রিগেডের কাছে।
  • Link to this news (প্রতিদিন)