নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাস্থ্যদপ্তরে ট্রান্সফার পোস্টিংয়ের জন্য টাকাপয়সার লেনদেনের অভিযোগ দীর্ঘদিনের। এবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের মুখেই শোনা গেল সেই কথা। ২ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ইনস্টিটিউটে একটি সরকারি অনুষ্ঠানে বহু জেলার সিএমওএইচ এবং বিভিন্ন মেডিকেল কলেজের এমএসভিপি ও অধ্যক্ষদের সামনে এই প্রসঙ্গ তোলেন মন্ত্রী। বলেন, ‘দপ্তরে দীর্ঘদিন ধরে ট্রান্সফার পোস্টিং-এর র্যাকেট চলছে বলে শুনেছি। শুনেছি, এনিয়ে টাকাপয়সার লেনদেনও হয়। আমার কাছেও ফোনে অভিযোগ আসছে। যাঁরাই এই অপকর্মে জড়িত, সতর্ক হয়ে যান। আমি কিন্তু এসব চলতে দেব না।’ পরে তিনি এ বিষয়ে আরও বলেন, ‘ট্রান্সফার পোস্টিং নিয়ে অভিযোগ পেয়ে সমস্ত স্তরের অফিসারকে সতর্ক করেছি। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে চলি। নিজে দুর্নীতি করব না। কাউকে করতেও দেব না।’