স্কুলের ভল্ট থেকে টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের জালে সেক্রেটারি
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত ১২ জুন কাঁচরাপাড়ার একটি ইংরেজি মিডিয়াম স্কুলের ভল্ট থেকে ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। সেই সময় পুলিশ গ্রেপ্তার করেছিল স্কুলের দুই অ্যাকাউন্ট্যান্ট অভীক নাগ এবং সায়ন পালকে। তাঁদের জেরা করে স্কুল পরিচালন সমিতির সম্পাদক গৌতম ঘোষ দস্তিদারের খোঁজ শুরু করে পুলিশ। তিনি বৃন্দাবন সহ বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। বৃহস্পতিবার বারাকপুরের বাড়িতে আসা মাত্রই বীজপুর থানার পুলিশ তাঁর বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে। শুক্রবার তাঁকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক প্রতিজ্ঞা প্রধান তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। গৌতম ঘোষ দস্তিদারের আইনজীবী বলেন, তাঁর মক্কেল অসুস্থ। পেসমেকার রয়েছে। বিচারক জানিয়ে দেন, তাঁর নিয়মিত মেডিকেল চেক-আপ হবে। আগামী সোমবার তাঁকে ফের আদালতে পেশ করা হবে।
এই মামলার তদন্তকারী অফিসার আদালতে জানান, এই মামলায় আরেক অভিযুক্ত প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীর খোঁজ চলছে। তার খোঁজ দিতে পারেন গৌতম ঘোষ দস্তিদার। তিনি তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গৌতম ঘোষ দস্তিদার নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আপ্ত সহায়ক সুমিত রায়ের ঘনিষ্ঠ বলে দাবি করতেন। অতীতেও সিআইডি তাঁকে গ্রেপ্তার করেছিল। কাঁচরাপাড়ার শতাব্দী প্রাচীন ওই ইংরেজি মাধ্যম স্কুল নব-কলেবরে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। এই দায়িত্ব দেওয়া হয়েছিল গৌতম ঘোষ দস্তিদারকে। এরই মধ্যে রাজ্যে পালাবদল হওয়ায় সমস্ত পরিকল্পনাই ভেস্তে যায়।