• দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা ‘গতিদানব’ গাড়ির! ঘটনাস্থলেই মৃত্যু ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • রাত তখন ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হওয়ার পথে। ঘড়ির কাঁটা বারোটা ছুঁই ছুঁই। আচমকাই পথের উপর দিয়ে ছুটে যাওয়া এক ‘গতিদানব’ আছড়ে পড়ল দাঁড়িয়ে থাকা এক লরির গায়ে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এমনই দৃশ্য। কেরলে এমনই এক দুর্ঘটনায় প্রাণ হারালেন তামিলনাড়ুর ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

    ঘটনাস্থল কেরলের ত্রিশূর। মৃতরা সকলেই ৬৬ নম্বর জাতীয় সড়ক ধরে তামিলনাড়ুর দিন্দিগুলের পিএসএম ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া। তাঁরা গুরুবায়ুর থেকে কোদুনগালুরের দিকে যাচ্ছিলেন। রাস্তাঘাট একেবারেই শুনশান ছিল। আচমকাই গাড়িটি প্রবল গতিতে ছুটে এসে আছড়ে পড়ে পথের প্রান্তে এক নির্মীয়মাণ পার্কিং লটে দাঁড় করিয়ে রাখা লরিতে। ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়ির সব যাত্রীই।

    দুর্ঘটনার পরই দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশেও। আসে দমকল। দেখা যায় ধাক্কা এত জোরে লেগেছে যে, গাড়িটি একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ফলে ভিতরে থাকা যাত্রীদের বের করতে গাড়ির বিভিন্ন অংশ কাটতে হয়। সব দেহ উদ্ধারের পরই সেগুলি ত্রিশূর মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। কেন গাড়িটি দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারল তা নিয়ে উঠছে প্রশ্ন। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সব দিক নিয়েই তদন্ত করা হচ্ছে। তদন্তের পরই নিশ্চিত করে এই বিষয়ে বলা সম্ভব বলে মনে করা হচ্ছে। এমন এক দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর দেওয়া হয়েছে মৃতদের পরিবারে। ওই ইঞ্জিনিয়ারিং কলেজে শোকের ছায়া।
  • Link to this news (প্রতিদিন)