• নিউ ফরাক্কার ধসে রেল পরিষেবা ব্যাহত, যাত্রী দুর্ভোগ কমাতে অতিরিক্ত বাস নামাল পরিবহণ দপ্তর
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিন্মচাপে অতিবৃষ্টির জেরে নিউ ফরাক্কায় রেল লাইনে ধস নেমে কার্যত ব্যাহত রেল পরিষেবা। বাতিল করা হয়েছে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন। এর ফলে উত্তরবঙ্গগামী যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে জরুরি ভিত্তিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য পরিবহণ দপ্তর। পরিবহণমন্ত্রীর উদ্যোগে যাত্রীদের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হয়েছে।

    জানা গিয়েছে, শুক্রবার কলকাতা–শিলিগুড়ি রুটে ২৩টি অতিরিক্ত বাস চালানো হচ্ছে। পাশাপাশি একটি নিয়মিত বাস যেইটি মালদহ পর্যন্ত যেত সেই বাস শিলিগুড়ি পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতেও কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে অতিরিক্ত ছয়টি বাস চালানো হয়েছিল। অন্যদিকে শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যেও শুক্রবার মোট ১৮টি বাস চলাচল করছে, যার মধ্যে ১২টি অতিরিক্ত বাস। দুর্গাপুর-বালুরঘাট এবং কলকাতা-বালুরঘাট রুটেও দু’টি করে অতিরিক্ত বাস চালানো হচ্ছে। পাশাপাশি মালদহ-কলকাতা রুটে পাঁচটি বাস পরিষেবা চালু করা হয়েছে। 

    উত্তরবঙ্গমুখী যাত্রীদের অতিরিক্ত সুবিধার জন্য কলকাতার নিউ এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির এনজেপি বাস টার্মিনাস পর্যন্ত সন্ধ্যা বেলার বিশেষ বাস পরিষেবাও চালু করা হয়েছে। এই বিশেষ বাসগুলি যথাক্রমে বিকেল ৫টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, রাত ৮টা ৩০ মিনিট, রাত ৯টা এবং রাত ৯টা ৩০ মিনিটে ছাড়বে। 

    যাত্রীদের চাহিদা এবং পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে আরও অতিরিক্ত বাস চালানোর জন্য এনবিএসটিসি এবং এসবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, রেল পরিষেবা ব্যাহত হওয়ার সুযোগ নিয়ে যাতে বেসরকারি বাস অপারেটররা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে না পারেন তা নিশ্চিত করতে জেলা শাসকদের বেসরকারি বাস অপারেটারদের সঙ্গে সমন্বয় রাখার নির্দেশ দিয়েছে পরিবহণ দপ্তর। 
  • Link to this news (বর্তমান)