রৌরকেল্লা: ২০ বছরের এক যাত্রীর টিকিট কনফার্ম করার টোপ দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল রেলকর্মীর বিরুদ্ধে। ওড়িশার রৌরকেল্লা স্টেশনে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত ৫৪ বছরের কপিলেশ্বর সিং। রেলের সিনিয়র ডিভিশনার কমার্শিয়াল ম্যানেজার আদিত্য চৌধুরী বলেন, অভিযুক্ত প্রৌঢ় একজন ভাল্ভ অপারেটর। ইতিমধ্যেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আগামী দিনে তিনি পেনশন সংক্রান্ত যে সুযোগ-সুবিধা রয়েছে সেগুলিও পাবেন না। চৌধুরীর কথায়, ‘আমরা পুলিশের সঙ্গে সবরকম সহযোগিতা করছি।’ পুলিশ জানিয়েছে, অভিযোগকারী ২০ বছরের তরুণী ও তাঁর দুই বোনের বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। প্রথমে তাঁরা হাতিয়া-যশবন্তপুর এক্সপ্রেসে তিতলাগড় থেকে রৌরকেল্লা আসেন। সেখান থেকে কোনোভাবেই তাঁরা বেঙ্গালুরু যাওয়ার কনফার্মড টিকিট পাননি। তরুণীর দুই বোন এব্যাপারে খোঁজ নিতে গেলে কপিলেশ্বর প্ল্যাটফর্মে এসে তরুণীকে জানান, কনফার্ম টিকিট হয়ে যাবে। তরুণীকে সে অপারেটর রুমে নিয়ে যায়। সেখানেই দরজা বন্ধ করে ধর্ষণ করে। ভয় দেখিয়ে কাউকে একথা বলতে নিষেধও করে। এমনকি তরুণীকে দু’হাজার টাকাও দিতে চায়। কোনোভাবে ওই নির্যাতিতা পালিয়ে এসে রেল পুলিশের কাছে অভিযোগ করেন।