• ঢাকুরিয়ার সুইমিং পুলের জলে ডুবে মৃত কিশোর
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়: ঢাকুরিয়ার একটি সুইমিং ক্লাবে সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হলো একাদশ শ্রেণির এক ছাত্রের। শুক্রবার বিকেল ৪ টের ব্যাচে সাঁতার শিখতে এসেছিল ওই এলাকার বাসিন্দা সরিপ ঘোষ (১৬)। তার পরেই রহস্যজনক ভাবে সুইমিং পুল থেকে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    অভিযোগ, এ দিন বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ ওই কিশোর সাঁতার কাটতে নামে। ব্যাচের অন্য সাঁতারুরা পুল থেকে উঠে এলেও সরিপ ওঠেনি। কিছুক্ষণ পরে এক মহিলা প্রশিক্ষকের নজরে পড়ে বিষয়টি। কিশোরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করা হয় কর্তৃপক্ষের তরফে। এর পর, তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সুইমিং ক্লাবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি খতিয়ে দেখছে লেক থানার পুলিশ।

    প্রশিক্ষক সুবর্ণ গোস্বামীর দাবি, ‘ওই সুইমিং ক্লাবে মহিলা এবং পুরুষ, দু’জনের জন্যই সাঁতার শেখার ব্যবস্থা রয়েছে। প্রায় ৭৫ ফুট চওড়া পুলকে দু’ভাগে ভাগ করা ছিল। এ দিন মাঝের ব্যারিকেড তুলে দেওয়া হয়েছিল। ৭৫ ফুটের সুইমিংপুলে দু’রাউন্ড সাঁতার কেটেছিল সরিপ। মহিলারা যে দিকে সাঁতার কাটেন, সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।’ কী ভাবে ওই কিশোর জলে তলিয়ে গেল, প্রশিক্ষক বা ক্লাব কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কি না—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। কিছুদিন আগে চেতলার সুইমিংপুলেও ঠিক একই রকমের ঘটনা ঘটেছিল।

  • Link to this news (এই সময়)