• দিল্লির দূষণ রুখতে ৩৩৪ নজরদারি দল  
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি

    আপাতত বৃষ্টিতে ভাসছে দিল্লি, কিন্তু উৎসবের মরশুম শুরু হতেই প্রতিবারের মতো এ বারেও দূষণে মুখ ঢাকতে পারে রাজধানী। সেটা আঁচ করেই বায়ুদূষণ রোধে ৩৩৪টি দল গড়ে ব্লু প্রিন্ট তৈরি করে ফেলল দিল্লি সরকার৷ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার পরিচালিত উচ্চপর্যায়ের সরকারি বৈঠকে স্থির হয়েছে, চলতি মাস থেকেই দিল্লির বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হবে ৩৩৪টি দল৷ দলে থাকবেন উচ্চপদস্থ সরকারি আধিকারিক, কর্মী এবং বিশেষজ্ঞরা৷

    বিভাজনটা হলো— ৩৯টি সাব-ডিভিশনে নজরদারি চালাবে মোট ৭৮টি সাব-ডিভিশনাল দল। ওয়ার্ড-স্তরের নজরদারির জন্য থাকবে ২৫৬টি দল। দূষণের জন্য চিহ্নিত ৪৮টি 'হটস্পট'-এ বিশেষ জোর দিয়ে দূষণ নিয়ন্ত্রণের নিয়ম কার্যকর করার অভিযান চলবে। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির এএইই ও জেএইই পদমর্যাদার কর্মকর্তাদের নেতৃত্বে এই দলগুলো কাজ করবে এবং প্রয়োজনে রাতেও নজরদারি চালাবে। ফসলের অবশিষ্টাংশ পোড়ানো, নির্মাণ ও ভাঙার কাজের ধুলো, শিল্পজনিত দূষণ, অনুমোদনহীন জ্বালানির ব্যবহার এবং নির্মাণকাজের বর্জ্য অবৈধভাবে ফেলার মতো বিষয়গুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নির্মাণ ও ভাঙার কাজগুলো 'ডাস্ট পোর্টাল'-এ রেজিস্টার্ড কি না, তা-ও এই দলগুলো যাচাই করবে। ২৫৬টি ওয়ার্ডে পর্যবেক্ষণকারী দল মোতায়েন করা হবে।

    এ ছাড়া, 'গ্রিন দিল্লি' ও '৩১১' অ্যাপের মাধ্যমে প্রাপ্ত অভিযোগগুলোর নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করা হবে। দিল্লির সবথেকে বেশি দূষিত ৪৮টি এলাকায় (হটস্পট) বিশেষ অভিযান চালাবে জেলা ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে গঠিত দলগুলো। এক্ষেত্রে অননুমোদিত শিল্প-কারখানাগুলোর উপরে বিশেষ নজর দেওয়া হবে। মেটাল কাস্টিং, পাউডার কোটিং, বাফিং ও পলিশিং, প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ, স্প্রে পেইন্টিং এবং হিট ট্রিটমেন্টের মতো কাজে নজরদারি চলবে। জল দূষণকারী শিল্প-ইউনিটগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে জিন্স ডাইং ও ওয়াশিং, ইলেক্ট্রোপ্লেটিং, অ্যানোডাইজিং এবং পিকলিং-এর মতো কাজ। দিল্লি সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা মনে করছেন, দ্রুত দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হলে, তার সুফল দেখা যাবে শীতের শুরুতে, গত বছরগুলির তুলনায় কম দূষিত হবে দিল্লির বাতাস৷

  • Link to this news (এই সময়)