• পিএমও–র অফিসার সেজে রোগী ভর্তির অভিযোগ, প্রতারণা দিল্লি AIIMS-এ
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • অরিন্দম বন্দ্যোপাধ্যায় , নয়াদিল্লি

    আইপিএস, আইআরএস পরিচয় দিয়ে প্রতারণার ঘটনা দেশজুড়ে প্রায়শই ঘটে, কিন্তু খাস রাজধানীতে প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে ফ্রড! নিজেকে প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)-র অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) পরিচয় দিয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউটে (এইমস) রোগী ভর্তির অভিযোগ উঠল দিল্লিরই এক ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনা ঘিরে শোরগোল এইমস ও সরকারি মহলে। অভিযুক্ত দিল্লিরই সঙ্গম বিহার এলাকার বাসিন্দা রবিকান্ত শর্মা। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই৷ অভিযোগ, ভুয়ো পরিচয় দিয়ে চলতি বছরেই জনা তিনেক রোগীকে দিল্লি এইমসে ভর্তি করিয়ে 'ভিভিআইপি' চিকিত্‍সার ব্যবস্থা করিয়ে দিয়েছেন এই অভিযুক্ত।

    বিখ্যাত সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল দিল্লি এইমস-এ সারা বছর রোগীদের ভিড় লেগেই থাকে৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে রেফার হওয়া জটিল রোগীও অনেক সময় বেড পান না। সেই কারণে অনেকেই বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং উচ্চপদস্থ সরকারি আমলাদের লিখিত সুপারিশের মাধ্যমে এইমস-এ ভর্তি বা দ্রুত চিকিত্‍সা পাওয়ার চেষ্টা করে থাকেন৷ অভিযুক্ত রবিকান্ত শর্মা এই সুযোগটাকেই কাজে লাগিয়েছেন বলে দাবি সিবিআই সূত্রের৷ ২৬ ফেব্রুয়ারি রবিকান্ত শর্মা নিজেকে পিএমও-র ওএসডি পরিচয় দিয়ে ফোন করেন এইমস-এর প্রোটোকল অফিসার বিএন আচার্যকে। মহম্মদ ইমরান নামে এক রোগীকে অবিলম্বে এইমসের জরুরি বিভাগে ভর্তির জন্য চাপ দেন৷ শুধু তাই নয়, নিজের ভুয়ো পরিচয়কে যথার্থ প্রমাণ করতে এইমস কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রীর দপ্তরের একটি ভুয়ো আইডি থেকে ই–মেলও করেন বলে অভিযোগ৷ এই ই–মেল পাওয়ার পরেই এইমস-এর তরফে সরাসরি যোগাযোগ করা হয় পিএমও–র সঙ্গে৷ রবিকান্ত শর্মা নামে পিএমও-তে কোনও ব্যক্তি কাজ করেন না, এটা জানার পরেই এইমস কর্তৃপক্ষ নিশ্চিত হন ওই ব্যক্তি প্রতারক৷

    খোঁজ খবর করে জানা যায়, চলতি বছরের গোড়ায় কবিতা এবং অর্চনা নামের দুই রোগীকে দিল্লি এইমসে ভর্তি করেছিলেন রবিকান্ত৷ সেই সময়েও তিনি নিজেকে পিএমও আধিকারিক বলেই পরিচয় দিয়েছিলেন৷ সেই বার তাঁর পরিচয়কে সঠিক মনে করে রোগীদের জন্য ভিভিআইপি চিকিত্‍সা পরিষেবা দিয়েছিল এইমস৷ প্রসঙ্গত, চলতি বছরের গোড়ার দিকে পি এলাঙ্গোভান নামের এক ব্যক্তিও নিজেকে পিএমও-র আন্ডার সেক্রেটারি পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে ধরা পড়েন৷ জুনে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই৷

  • Link to this news (এই সময়)