এই সময়, কোচবিহার: মুর্শিদাবাদের ফরাক্কায় রেল লাইনে ধসের কারণে একাধিক ট্রেন বাতিল হওয়ায় অতিরিক্ত স্পেশাল বাস চালাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এনবিএসটিসি। এই বিশেষ পরিষেবার ক্ষেত্রে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়নি। অফলাইনে বাসস্ট্যান্ডে এসে টিকিট কাটতে হচ্ছে যাত্রীদের। নিগম কর্তৃপক্ষ জানিয়েছেন, মহিলা যাত্রীদের একাংশের কাণ্ডকারখানা এর অন্যতম কারণ।
সরকারি বাসে মহিলা যাত্রীদের জন্য ফ্রি যাতায়াত শুরু হয়েছে ১ জুন থেকে। অভিযোগ, অনলাইনে বুকিং-এর সময়ে মহিলা যাত্রীদের একাংশ একাধিক সরকারি বাসে আসন রিজ়ার্ভ করে নির্দিষ্ট একটি বাসে যাত্রা করতেন। কিন্তু রিজ়ার্ভ করে রাখা অন্য বাসের আসন তাঁরা বাতিল করতেন না বলে অভিযোগ। ফলে, রিজ়ার্ভ থাকা ওই ফাঁকা আসনে অন্য যাত্রীরা বসতে না-পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছিলেন এনবিএসটিসি কর্তৃপক্ষ।
তাই এ বার স্পেশাল বাস সার্ভিস-এর ক্ষেত্রে যাতে ওই ঘটনার পুনরাবৃত্তি না হয়, অনলাইন ব্যবস্থা রাখা হয়নি। ফাঁকা আসন না-রেখে সবাই যাতে যাতায়াত করতে পারেন, সেই কারণে এই ব্যবস্থা বলে জানিয়েছেন এনবিএসটিসি কর্তৃপক্ষ। নয়া নিয়ম অনুযায়ী কাউন্টারে এসে টিকিট কাটতে হবে আসন রিজ়ার্ভ করার জন্য।