• বাড়ির চাতাল থেকে উদ্ধার সদ্যজাত কন্যাসন্তান, তদন্তে পুলিশ
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • সদ্যজাত এক কন্যাসন্তান উদ্ধার হলো হাওড়ার জগাছা এলাকা থেকে। সেখানকার একটি বাড়ির চাতালে ফেলে যাওয়া হয়েছিল ওই সদ্যজাত কন্যাসন্তানকে। শুক্রবার ওই সদ্যজাতকে উদ্ধার করে হাওড়ার জগাছা থানার পুলিশ। কে ওই শিশুটিকে সেখানে ফেলে রেখেছিল তা জানতে তদন্ত করেছে পুলিশ। এলাকার একটি সিসিটিভি ফুটেজও পাওয়া গিয়েছে। তা খতিয়ে দেখেই কে ওই সদ্যজাত শিশুটিকে সেখানে ফেলে গিয়েছিল তাও জানতে চাইছে পুলিশ।

    স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে জগাছা থানার অন্তর্গত ধাড়সা কাজিপাড়া এলাকা থেকে উদ্ধার হয় ওই সদ্যজাত শিশুকন্যা। সেখানকার একটি বাড়ির চাতালে নিঃশব্দে ওই শিশুকে ফেলে পালিয়েছিল অজ্ঞাতপরিচয় এক মহিলা। একটি সাদা তোয়ালেতে জড়িয়ে ফেলহে রাখা হয়েছিল ওই সদ্যজাতকে। তার বয়স ২দিনের বেশি নয় বলেও মনে করেছেন স্থানীয় বাসিন্দা এবং পুলিশকর্মীরা।

    জানা গিয়েছে, ওই নির্জন চাতালে ফেলে রাখা শিশুকে লক্ষ্য করেন স্থানীয় এক বাসিন্দা। তিনিই শিশুটিকে ওই অবস্থায় দেখতে পেয়ে দেরি না করে কোলে তুলে নেন। শিশুটির সেবা-শুশ্রূষা ও খাওয়ানোর ব্যবস্থা করেন তিনি।

    এর পরেই খবর পৌঁছয় জগাছা থানার পুলিশের কাছে। দেরি না করে সেখানে আসেন পুলিশকর্মীরা। ওই সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। সেই সঙ্গেই প্রাথমিক চিকিৎসার পরে তাকে একটি হোমে পাঠানো হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কে বা কারা এই অমানবিক ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে, একটি ফুটেজে পাঁচিলের পাশে থাকা গলিতে এক মহিলাকে হাতে তোয়ালে নিয়ে আসতে দেখা গিয়েছে। ওই মহিলার কোলেই সেই সদ্যজাত শিশুটি ছিল বলেও মনে করেছেন আধিকারিকরা। তা দেখেই মহিলার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা। কী কারণে ওই সদ্যজাত শিশুকে সেখানে এইভাবে ফেলে রাখা হয় তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে জগাছা থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)