• মোদীর জন্মদিনেও ফার্স্ট হতে হবে, ডাক শুভেন্দুর
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়: আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে একমাস ধরে গোটা দেশে ‘সেবা সংকল্প অভিযান’ চালাবে বিজেপি। এই মেগা কর্মসূচিতে বাংলাকে দেশের মধ্যে প্রথম স্থা‍নে দেখতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার জন্য একটি রুটম্যাপও এ দিন নিউটাউন কনভেনশন সেন্টারে দলের সর্বস্তরের নেতা–কর্মীদের তৈরি করে দিয়েছেন শুভেন্দু এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। নিউটাউনের সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিনের এই সেবা সংকল্প অভিযান কর্মসূচিতেও পশ্চিমবঙ্গকে দেশের সেরা হতে হবে। যোগ দিবস থেকে শুরু করে তেরঙ্গা অভিযানেও পশ্চিমবঙ্গের স্থান উপরে ছিল। এই সেবা সংকল্প অভিযান কর্মসূচিকে সফল করতে সরকার ও পার্টি মিলিতভাবে কাজ করবে।’

    বৈঠকে শমীক ভট্টাচার্যর বার্তা, ‘এই কর্মসূচিতে দলের বিভিন্নস্তরের সংগঠন নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করবে।’ পার্টির সব স্তরের কর্মী, বিধায়ক ও মন্ত্রীদের মাঠে নামানো হবে বলেও তিনি এ দিনের বৈঠকে ইঙ্গিত দিয়েছেন। কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব‌্য, মন্ত্রী দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ‌্যায় এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সেবা সংকল্প অভিযান উপলক্ষে প্রদেশ কর্মশালার পরে জেলা ও মণ্ডলস্তরে কর্মশালা অনুষ্ঠিত হবে।

    মোদীর জন্মদিন উপলক্ষে এক মাস ধরে দেশব্যাপী ১৩টি বড় কর্মসূচি পালন করবে বিজেপি৷ ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি৷ এর মধ্যে থাকছে– ‘আশীর্বাদের আলো, ‘২৫ কোটি শিশুর স্বপ্নের ভারত’, ‘আঙিনার উত্‍সব’, ‘পরিবর্তনের গল্প’, ‘সেবা জ্যোতি যাত্রা’, ‘সেবাই আমার অবদান’, ‘নমো সেবা গাথা’, ‘রঙ্গোলি নেশন’, ‘জাতীয় উদ্ভাবন চ্যালেঞ্জ’, ‘সার্ভিস ব্রিজ ক্যাম্পেইন- আপনার দোড়গোড়ায় সরকার৷’

  • Link to this news (এই সময়)