এই সময়, কালনা: তালের ফুলুরির গন্ধে ম ম করছে দোকান। বানানো হচ্ছে তালের মালপোয়াও। বৃহস্পতিবার, জন্মাষ্টমীর আগের দিন মিষ্টির দোকানে সে সব বিক্রি হলো ব্যাপক। বৃহস্পতিবার কালনার একের পর এক মিষ্টির দোকানে দেখা গেল এই দৃশ্য।
জন্মাষ্টমী কৃষ্ণের জন্মতিথি, ভক্তদের কাছে যাঁর শৈশবের নাম গোপাল। জন্মাষ্টমীতে সেই গোপালের ভোগে দেওয়া হয় তালের ফুলুরি। কিন্তু আধুনিক জীবনে বাড়িতে তা বানানোর সময় কোথায়! অতএব তৈরি ফুলুরিই ভরসা অনেকের। তাই মিষ্টির দোকানগুলি বানাতে শুরু করেছে তালের ফুলুরি।
কালনার বারুইপাড়ার মিষ্টান্ন ব্যবসায়ী অভিজিৎ মোদক বৃহস্পতিবার বললেন, 'তালের দাম ঠিক আছে। চিনিও ৫৮ টাকা কেজিতে নেমেছে। তাই ৩০০ টাকা কেজিতে ফুলুরি দিতে পারছি। এ ছাড়া তালের মালপোয়ার পিস ১০ টাকা।' খুশি ক্রেতারাও। গৌতম ভট্টাচার্য, রুমকি দেবনাথরা বললেন, 'বাড়িতে বানানোর সময় নেই। ঝক্কিও অনেক। তাই দোকান থেকেই কিনেছি।'