আশিস নন্দী, বারাসত
প্রথমবার ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচ ঘিরে উত্তেজনায় ফুটছে বারাসত। চির প্রতিদ্বন্দ্বী দুই টিমের ম্যাচ এর আগে কখনও হয়নি বারাসত স্টেডিয়ামে। রাজ্যে সরকার বদলের পর সেই অসাধ্য সাধন করলেন বারাসতের বিজেপি বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়। তাঁর উদ্যোগেই আগামী ৭ সেপ্টেম্বর বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি। এই ডার্বি ম্যাচ ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে বারাসত স্টেডিয়াম। টিকিটের চাহিদাও তুঙ্গে। কিন্তু আইএফএ-র পক্ষ থেকে ডার্বি ম্যাচের টিকিট না ছাড়ায় একটা টিকিটের জন্য জেলা সদর শহর থেকে জেলা জুড়ে হাহাকার তৈরি হয়েছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে।
অতীতে বারাসত স্টেডিয়ামের মাঠ ছিল অ্যাস্ট্রো টার্ফ। তৃণমূলের সময় অ্যাস্ট্রো টার্ফ তুলে দিয়ে করা হয় ঘাসের মাঠ। কিন্তু এর পরেও বহু বছর ধরে সংস্কার না হওয়ায় বারাসত স্টেডিয়াম বেহাল হয়ে পড়েছিল। ফ্লাডলাইট থেকে ভিআইপি রুম, প্রেস বক্স ও গ্যালারির অবস্থা ছিল বেহাল। গত আট বছর বারাসত স্টেডিয়ামে কোনও খেলাই হয়নি। পালাবদলের পর বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায় স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেন। স্টেডিয়ামে ঢোকার রাস্তায় জমা আগাছা, জঙ্গল কেটে পরিষ্কার করা হয়। আইএফএ-র কর্তা, পুলিশ এবং প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করে বারাসত স্টেডিয়ামকে ফুটবল ম্যাচের উপযোগী করা হয়। মাঠ, প্রেস বক্স, আলো ও ভিআইপি রুম সংস্কার করার পর অগস্ট মাসে কলকাতা লিগের ম্যাচ হয়েছে এই স্টেডিয়ামে।
কিন্তু ডার্বি অধরাই ছিল। এ বার সেটির উদ্যোগ নেন শঙ্কর। অবশেষে নৈশালোকে ডার্বি ম্যাচের জন্য বারাসত স্টেডিয়ামের ফ্লাডলাইট ঠিক করা হয়। শেষ পর্যন্ত আগামী ৭ সেপ্টেম্বর বারাসত স্টেডিয়ামে হতে চলেছে ডার্বি ম্যাচ। মঙ্গলবার আইএফএ-র সেক্রেটারি অনির্বাণ দত্তর উপস্থিতিতে পুলিশ এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্তাদের সঙ্গে ডার্বি ম্যাচ নিয়ে চূড়ান্ত পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিধায়ক। বৈঠকের পর মাঠের ফ্লাডলাইট পরীক্ষা করা হয়। জানা গিয়েছে, পরীক্ষার পর স্টেডিয়ামের ফ্লাডলাইট ডার্বি ম্যাচের উপযোগী বলেই সবুজ সঙ্কেত মিলেছে আইএফএ-র কাছ থেকে।
এই প্রথম ডার্বি ম্যাচ ঘিরে শহরের ট্র্যাফিক ব্যবস্থা, স্টেডিয়ামে দর্শকদের নিরাপত্তা, সুষ্ঠু ভাবে গ্যালারিতে দর্শকদের প্রবেশ করানো, খেলোয়াড়দের এবং টিম বাসের নিরাপত্তার বিষয়টিও চলে আসে। স্টেডিয়ামে আগে তিনটি গেট ছিল। সামনের দিকে দু'টি আর পিছনের অংশে একটি। ডার্বি ম্যাচে ক্রীড়াপ্রেমী দর্শকদের ভিড়ের কথা মাথায় রেখে চতুর্থ গেট তৈরির কাজ চলছে। পাশাপাশি দুই টিমের দর্শকদের মাঠে বসার জন্য আলাদা দু'টি ব্লকও করা হয়েছে। একই সঙ্গে ভিআইপি গ্যালারির অংশ সংস্কার করা হয়েছে। বাকি কাজ শুক্রবার শেষ হবে।
বারাসত পুলিশ জেলার পুলিশের কর্তারাও ডার্বি ম্যাচ ঘিরে প্রস্তুতি নিয়েছেন। শহরের ট্র্যাফিক ব্যবস্থা স্বাভাবিক রেখে নির্বিঘ্নে দর্শকদের মাঠে প্রবেশের যাবতীয় ব্যবস্থা করেছে পুলিশ। জন্মাষ্টমী মিটে গেলেই ম্যাচ নিয়ে পুলিশ আরও সক্রিয় হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার জে মার্সি। শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, 'বারাসত স্টেডিয়ামকে খেলার উপযোগী করা, বিশেষ করে ডার্বি ম্যাচ করানো নিয়ে আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম।'