• ইটভাটার পরিত্যক্ত ঘরে দেহ যুবকের! স্ত্রীর বিরুদ্ধে নালিশ
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, রায়গঞ্জ: ইটভাটার একটি পরিত্যক্ত ঘর থেকে রহস্যজনক ভাবে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। রায়গঞ্জের বরুয়া গ্রাম পঞ্চায়েতের তাহেরপুর এলাকার ঘটনা। মৃতের নাম ভাস্কর সিং (৩৪)। বুধবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ১৪ বছর আগে তাহেরপুরের বাসিন্দা, ওষুধের দোকানের কর্মী ভাস্করের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের এক মহিলার বিয়ে হয়। বর্তমানে তাঁদের ১৩ বছরের এক পুত্রসন্তান রয়েছে।

    অভিযোগ, দু'বছর আগে রায়গঞ্জের শীত গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবকের সঙ্গে পালিয়ে যান ভাস্করের স্ত্রী। পরিবারের দাবি, গত সোমবার চার যুবক বাড়ি থেকে ভাস্করকে ডেকে নিয়ে যান। তার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

    মঙ্গলবার তাহেরপুরের ওই ইটভাটার পরিত্যক্ত ঘর থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ দিনই পরিবারের তরফে মৃতের স্ত্রী এবং ওই চার যুবকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)