• মধ্যপ্রদেশের হাইওয়েতে ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষ, মৃত ৫
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো পাঁচ জনের। আহত হয়েছেন অন্তত ৩০ জন। একটি ট্যাঙ্কারের সঙ্গে বাসের ধাক্কার ফলেই এই দুর্ঘটনা। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় দু'টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খালে উল্টে যায় বাসটি। হতাহতরা সকলেই ওই বাসের যাত্রী। দুর্ঘটনায় হতাহতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

    সংঘর্ষের পরে খালে বাস

    বুধবার বিকালে এই দুর্ঘটনা ঘটে রেওয়ার গুড় (Gurh) থানা এলাকায়। জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গুড় থানা এলাকায় বাদওয়ারের ( Badwar) কাছে ৩৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

    সেখানকার জেলাশাসক নরেন্দ্র কুমার সূর্যবংশী জানিয়েছেন, গুড় থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে বাস এবং একটি ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষ হয়। এর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পাশে থাকা একটি খালে পড়ে যায়। উল্টে যায় ওই ট্যাঙ্কারটিও। সঙ্গে সঙ্গেই শুরু হয় উদ্ধার কাজ। ওই ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের।

    আহতদের চিকিৎসার জন্য রেওয়ার সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকার অতিরিক্ত পুলিশ সুপার ভাবনা মারাভি। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

    আর্থিক সাহায্যের ঘোষণা

    ওই দুর্ঘটনার পরেই হতাহতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে এবং ওই দুর্ঘটনায় গুরুতর আহতদের ১ লক্ষ টাকা করে সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ঘটনায় আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)