• টানা বৃষ্টিতে জল থই থই বীরভূম, জলমগ্ন বোলপুরের একাধিক ওয়ার্ড
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূম জেলার একাংশ। বুধবার বিকেল পর্যন্ত কখনও ভারী, কখনও মাঝারি গতিতে বৃষ্টি হয়েছে। কখনও হালকা বৃষ্টিপাতও দেখা গিয়েছে। বুধবারও তেমন রোদের দেখা মেলেনি বীরভূমে। টানা বৃষ্টিতে জল বেড়েছে বীরভূমের একাধিক নদীতে। কোপাই, হিংলো, ময়ূরাক্ষী, অজয়ের জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে জেলা সূত্রের খবর।

    বোলপুরে এই মরশুমের রেকর্ড (২৬২.৮ মিলিমিটার) বৃষ্টিপাত হয়েছে। বোলপুর পুরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় কোমর জল। গীতাঞ্জলী প্রেক্ষাগৃহ চত্বরও জলমগ্ন হয়ে রয়েছে।

    টানা বৃষ্টির ধাক্কায় বোলপুরের একাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে বলে অভিযোগ। বোলপুর গোয়ালপাড়ায় একটি বাড়ি ভেঙে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বাসিন্দাদের অভিযোগ, লাগোয়া এলাকার একটি রিসর্ট নিকাশি নালা আটকে দেওয়ার কারণে জল জমে এই ঘটনা ঘটেছে।

    নদীর জল বৃদ্ধির কারণে সমস্যা হয়েছে কজ়ওয়ে নিয়ে। হেতমপুর, খয়রাশোল ও দুবরাজপুরের একাধিক কজ়ওয়ে জলের তলায় তলিয়ে গিয়েছে। সাঁইথিয়ায় ময়ূরাক্ষী নদীর কজ়ওয়ে নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। কোপাই নদীর জল বাড়তে থাকায় কঙ্কালীতলা মন্দির এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কোপাই নদীর উপরের সেতু পারাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

  • Link to this news (এই সময়)