• শতবর্ষ প্রাচীন মন্দির ধ্বংস করায় পাকিস্তানের তীব্র নিন্দা ভারতের
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • শতবর্ষ প্রাচীন মন্দির ধ্বংস করার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। সেখানকার পাঞ্জাব প্রদেশের নারওয়ালের সিরাজ গ্রামে অবস্থিত ওই মন্দির ভেঙে ফেলা হচ্ছে বলে অভিযোগ। প্রায় ১২৫ বছরের পুরোনো ওই মন্দির ভেঙে ফেলার খবরের নিন্দা জানিয়েছে ভারত। একই সঙ্গে, এই ঘটনার তদন্ত করার জন্য ইসলামাবাদের কাছে দাবি জানিয়েছে নয়াদিল্লি। ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার দাবিও জানিয়েছে ভারত। বুধবার রাতেই বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

    মন্দির ভাঙা নিয়ে বিতর্ক

    আগেও পাকিস্তানে একাধিক হিন্দু মন্দির ভাঙা হয়েছে। আর এ বার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারওয়ালের (Narowal) সিরাজ গ্রামের শতাব্দী প্রাচীন একটি মন্দির ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ। প্রায় হাজার বর্গমিটার এলাকা জুড়ে থাকা মন্দিরটির পাশে একটি মাদ্রাসা রয়েছে। অভিযোগ, এলাকা বাড়িয়ে নতুন করে মাদ্রাসা তৈরির পরিকল্পনা করা হয়েছে। এই জন্য গত ২১ অগস্ট থেকে ওই মন্দির ভাঙা শুরু হয়েছে। ওই মন্দিরের শিখরে যে পাথর এবং ধাতু ছিল, তা খুলে ফেলা হয়েছে বলেও অভিযোগ। এই নিয়ে বিতর্ক শুরু হতেই সাফাই দিয়েছে পাকিস্তানের প্রশাসন। তাদের দাবি, প্রবল বৃষ্টিতে ভেঙে পড়েছে প্রাচীন মন্দিরটি। তবে প্রশাসনের এই দাবি মানতে নারাজ সেখানকার একাধিক সংগঠন। মন্দির ভাঙার কাজ বন্ধ করে সেটির পুনর্নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করার দাবি জানিয়েছেন পাকিস্তান মসিহা মিল্লাত পার্টি (পিএমএমপি)-র চেয়ারম্যান আসলাম পারভেজ় সাহোত্রা। এই দাবি জানিয়েছেন সেখানকার প্রশাসনিক আধিকারিককে চিঠিও দেওয়া হয়ে তাদের তরফে।

    উদ্বেগ প্রকাশ ভারতের

    পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মন্দির ভেঙে ফেলার খবর শোনার পরে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এই ঘটনার নিন্দা জানিয়ে স্বচ্ছ তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করার জন্য ইসলামাবাদের কাছে দাবিও জানিয়েছে ভারত। এই রকম ঘটনার পরেও পাকিস্তানি কর্তৃপক্ষ উদাসীন বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একটি বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের অব্যাহত অরক্ষিত অবস্থা এবং তাদের ধর্মীয় স্বাধীনতা ও উপাসনালয়গুলির চরম লঙ্ঘনের বিষয়টি স্পষ্টভাবে মনে করিয়ে দেয়।’ ওই মন্দির রক্ষা করার বিষয়ে পাকিস্তানের কর্তৃপক্ষের উদাসীনতা দৃশ্যমান বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই মন্দিরটি রক্ষায় ব্যর্থতা উদ্বেগজনক বলেও জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।

    ওই মন্দিরটি নতুন ভাবে তৈরি করে দেওয়ার দাবিও জানিয়েছে ভারত। সেই সঙ্গেই সেখানে সংখ্যালঘু নাগরিক ও তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্যের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব পালনের লক্ষ্যে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথাও বলা হয়েছে পাকিস্তানের প্রশাসনকে।

  • Link to this news (এই সময়)