• স্কুলের টাকা আত্মসাতে অভিযুক্ত শিক্ষক ফের দায়িত্বে, সরব স্থানীয়রা
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, পুরুলিয়া: স্কুল ভবন নির্মাণের প্রায় ২০ লক্ষ টাকা তছরুপের অভিযোগে সাসপেন্ড ও গ্রেপ্তার হওয়া প্রাক্তন প্রধান শিক্ষক প্রণব মণ্ডলের পুনর্বহাল ঘিরে উত্তেজনা ছড়াল পুরুলিয়ার মানবাজার-১ ব্লকের বনমহড়া প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, ২০২৩-এ তৎকালীন এক সহ-শিক্ষিকার সই জাল করে ২০ লক্ষ টাকা আত্মসাত করেন প্রণব।

    ২০১৪-য় স্কুল ভবন নির্মাণের জন্য বরাদ্দ টাকা তৎকালীন প্রধান শিক্ষক প্রণব মণ্ডল ও সহকারী শিক্ষকের জয়েন্ট অ্যাকাউন্টে জমা পড়ে। জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা থাকায় স্কুল ভবন তৈরির কাজ শুরু করা যায়নি। জমিজট মিটতে সবাই স্কুল ভবন নির্মাণের জন্য উদ্যোগী হতে দুর্নীতির বিষয়টি সামনে আসে।

    ২৪ অগস্ট পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ প্রণব মণ্ডলকে পুনরায় এই স্কুলেই যোগদানের নির্দেশ দেয়। সোমবার তাঁর স্কুলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি এবং কোনও প্রতিক্রিয়াও দেননি। তবে তাঁর ফেরাকে কেন্দ্র করে ক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীরা।

    বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দেন, অভিযুক্ত শিক্ষককে আর এই স্কুলে ঢুকতে দেওয়া হবে না। ক্ষোভ প্রকাশ করে গ্রামের বাসিন্দা মধুসূদন বাউড়ি বলেন, ‘প্রণব মণ্ডল যখন প্রধান শিক্ষক ছিলেন তখন স্কুলের কোনও বিল্ডিং ছিল না। ক্লাস হতো ফাঁকা মাঠে। স্কুলের তহবিলে প্রায় ২০ লক্ষ টাকা ছিল। ছাত্রছাত্রীদের কথা না-ভেবে তখন টাকা আত্মসাৎ করেছেন তিনি।’

    আর এক বাসিন্দা বেহুলা বাউড়ির প্রশ্ন, ‘ওই শিক্ষককে আর কী ভাবে বিশ্বাস করব আমরা?’ অন্য দিকে, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক প্রশান্ত বাউড়ি জানিয়েছেন, প্রণবের যোগদানের বিষয়ে তাঁর কাছে এখনও কোনও লিখিত সরকারি নির্দেশ এসে পৌঁছয়নি।

  • Link to this news (এই সময়)