এই সময়, পুরুলিয়া: চলতি আমন চাষের মরশুমে ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং যোগানে কোনও ঘাটতি নেই বলে দাবি করেছে পুরুলিয়া জেলা কৃষি দপ্তর। জেলায় প্রায় ৩.৪৯ লক্ষ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে, যেখানে প্রাথমিক বৃষ্টির অভাব থাকলেও সাম্প্রতিক বৃষ্টিতে ধানের বৃদ্ধি সন্তোষজনক।
ধান রোয়ার পরে দু’টি চাপানের জন্য জেলায় মোট ২২ থেকে ২৩ হাজার মেট্রিক টন ইউরিয়ার প্রয়োজন। কৃষি দপ্তরের আধিকারিকদের মতে, ইতিমধ্যে ১৭ হাজার মেট্রিক টন সার জেলায় এসেছে। অতিরিক্ত পাঁচ হাজার মেট্রিক টন সার পথে রয়েছে। তা সত্ত্বেও প্রথম চাপানের ইউরিয়া পেতে বিভিন্ন ব্লকে ভোররাত থেকে লাইনে দাঁড়ানো, ক্ষোভ-অবরোধ এবং খালি হাতে ফেরার মতো অভিযোগ সামনে আসছে।
কৃষি দপ্তরের এক আধিকারিক জেলায় সারের যোগান নিশ্চিত করে জানান, যে এলাকাগুলিতে সার মিলছে না বলে অভিযোগ আসছে সেই এলাকার ব্যবসায়ীদের একাংশ সার তুলছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি ব্লকের কৃষি আধিকারিকদের মাধ্যমে নজরদারি শুরু করা হয়েছে।
আধিকারিকদের বার্তা, ‘আমরা কৃষকদের বলছি একলপ্তে দু’বারের চাপান তোলার প্রয়োজন নেই। তাঁরা এক বারের সার তুলুন। পরের বার যথা সময়েই সার মিলবে।’ একবারে পুরোটা না-কিনে প্রয়োজনমাফিক ইউরিয়া সংগ্রহের অনুরোধ জানিয়ে কৃত্রিম সঙ্কট এড়ানোর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।