এই সময়, হলদিয়া: রাজ্যের অশোকনগরের বাইগাছি কূপ থেকে ওঠা অপরিশোধিত খনিজ তেল শোধিত হবে হলদিয়া তেল শোধনাগারে। ফিনিশড প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি, জেট ফুয়েল, বিটুমিন ইত্যাদি। কেবল বিদেশ থেকে আসা খনিজ তেল নয়, রাজ্যের খনিজ তেলও হলদিয়া রিফাইনারিতে পরিশোধিত হবে, এমন খবরে খুশি রিফাইনারি কর্তৃপক্ষ। রাজ্যে শিল্পায়ন এবং কর্মসংস্থানের প্রশ্নে যা ইতিবাচক বলে মনে করছে শিল্পমহল। আর এই সূত্রে রাজ্য তথা দেশের শিল্প মানচিত্রে বিশেষ জায়গা করে নিতে চলেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর।
দেশের খনিজ তেল উত্তোলনের বৃহত্তম ক্ষেত্র হিসেবে মুম্বই হাই অধিক পরিচিত। পাশাপাশি অসমের ডিগবয়, দুলিয়াজান, মরাণ হুগরিজান, শিবসাগর এবং গুজরাটের আঙ্কলেশ্বর, লুনেজ, আমেদাবাদ, বসেইন ও আলিয়াভাতের নামও উঠে আসে। এ বার দেশের ভূগর্ভস্থ খনিজ তেল মানচিত্রে জুড়ে গেল এ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের নাম। সূত্রের খবর, প্রচুর খনিজ তেল পাওয়া যাবে অশোকনগরে। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পরে ২০১৮তে দেশের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন (ওএনজিসি) এ বিষয়ে স্থির সিদ্ধান্তে পৌঁছয়। দীর্ঘ আট বছরের চেষ্টায় অশোকনগরের বাইগাছি তেল কূপ থেকে ১২ হাজার লিটার অপরিশোধিত তেল উত্তোলিত হয়েছে। গত শনিবার ওই তেল উত্তোলনের পরে ওএনজিসির ডিরেক্টর অফ এক্সপ্লোরেশন ওমপ্রকাশ সিনহা বলেন, '১০০ জন কর্মীর ঐকান্তিক চেষ্টায় বাইগাছি তেল কূপ থেকে ১২ হাজার লিটার তেল তোলা সম্ভব হয়েছে। এই তেলের গুণমান বেশ ভালো। এই অপরিশোধিত তেল ট্যাঙ্কারে করে হলদিয়া তেল শোধনাগারে পাঠানো হবে। তেল শোধন করবে হলদিয়া রিফাইনারি।'
উত্তর ২৪ পরগনার বাইগাছি থেকে হলদিয়া রিফাইনারি, প্রায় ১৭৫ কিলোমিটার রাস্তা চার ঘণ্টায় পাড়ি দিয়ে খনিজ তেল পৌঁছে যাবে শোধনাগারে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া রিফাইনারির এগজ়িকিউটিভ ডিরেক্টর এবং রিফাইনারি হেড সুশান্ত কুমার দাস বলেন, 'এটা জেনে ভালো লাগছে যে, আমাদের দেশের অপরিশোধিত খনিজ তেল আমরা শোধন করার সুযোগ পাচ্ছি। এটা নিঃসন্দেহে ভালো খবর। ওএনজিসির সঙ্গে এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌ স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।'
যে হলদিয়া রিফাইনারিতে অপরিশোধিত তেল শোধনের জন্য আনা হয় মূলত তা আসে রাশিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা-সহ বিভিন্ন দেশ থেকে। সেখানে একেবারের ঘরের কাছে বাইগাছি নতুন সংযোজন। সবকিছু ঠিক থাকলে শুক্রবারের মধ্যে হলদিয়ায় পৌঁছবে ১২ হাজার লিটার খনিজ তেল। যার থেকে উৎপাদিত পণ্য বিভিন্ন কাজে লাগানো হবে।