যাত্রীবোঝাই ট্র্যাভেলার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ছ’জনের। গুরুতর জখম বেশ কয়েক জন। মৃতদের মধ্যে ট্র্যাভেলারের চালকও রয়েছেন। রবিবার সন্ধ্যায় অসমের গুয়াহাটি-সোনাপুর জাতীয় সড়কের নালাগেডেরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ২৬ আসনের ওই ট্র্যাভেলারটি নওগাঁও থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। নালাগেডেরা এলাকায় আচমকাই জাতীয় সড়কের উপরে একটি গর্তে পড়ে যায়। তখনই ট্র্যাভেলারের একটি টায়ার ফেটে যায় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তার জেরেই গাড়িটির নিয়ন্ত্রণ হারান চালক।
নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাভেলারটি রাস্তার ডিভাইডার টপকে পাশের রাস্তায় চলে যায়। সেই সময়ে উল্টো দিক একটি ট্রাক আসছিল। ট্র্যাভেলার আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ট্র্যাভেলারটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে।
দুর্ঘটনার পর ট্র্যাভেলারে থাকা বেশ কয়েক জন যাত্রী আহত হন। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্ষেত্রী থানার পুলিশ।
দুর্ঘটনায় মৃত ছ’জনের পরিচয় এখনও জানা যায়নি। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে টায়ার ফেটে যাওয়াকেই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শেষ হলেই পুরো বিষয়টা নিশ্চিত ভাবে জানা যাবে।
১. কোথায় দুর্ঘটনাটি ঘটেছে?
অসমের গুয়াহাটি-সোনাপুর জাতীয় সড়কের নালাগেডেরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
২. দুর্ঘটনায় কত জনের মৃত্যু হয়েছে?
যাত্রীবোঝাই ট্র্যাভেলার ও ট্রাকের সংঘর্ষে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ট্র্যাভেলারের চালকও রয়েছেন।
৩. দুর্ঘটনাটি কী ভাবে ঘটেছিল?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাস্তার একটি গর্তে পড়ে ট্র্যাভেলারের টায়ার ফেটে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ডিভাইডার টপকে বিপরীত দিকে চলে যায় এবং ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।
৪. আহতদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে?
দুর্ঘটনার পর আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ছ’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
৫. মৃতদের পরিচয় জানা গিয়েছে?
না। প্রতিবেদন অনুযায়ী, মৃত ছ’জনের পরিচয় এখনও জানা যায়নি।
৬. পুলিশ কী পদক্ষেপ করেছে?
ক্ষেত্রী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে যোগ দেয়। ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।