• ভুটানে বৃষ্টি, হড়পা বান বাঙরিতে, নেপালে বিপর্যয়ের আতঙ্ক তিন দুর্গম গ্রামে
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • এই সময়, আলিপুরদুয়ার: প্রতিবেশী দেশ ভুটানে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই হড়পা বান দেখা গেল আলিপুরদুয়ারের মাদারিহাটের জমতলার কাছে বাঙরি নদীতে। রবিবার দুপুরে আচমকা হড়পা বান দেখা দিতেই নিত্যযাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। নেপালে ভয়াবহ বিপর্যয়ের দৃশ্যগুলি মনে করে আতঙ্কিত হয়ে ওঠেন বহু মানুষ। জল না-নামা অবধি অধিকাংশ নিত্যযাত্রী আর ঝুঁকি নেননি। নিরাপদ দূরত্বে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে-বসে থাকতে দেখা যায় তাঁদের। বিকেলে জল নেমে যাওয়ায় স্বস্তি পান সবাই। তার পরে নিজ নিজ গন্তব্যে রওনা দেন তাঁরা।

    নেপালে বিপর্যয়ের পরে 'হড়পা বান' শব্দটি শুনলেই চমকে উঠছেন অনেকে। তবে হড়পা বানকে সঙ্গে করেই দীর্ঘদিন ঝুঁকি নিয়ে যাতাযাত করে আসছেন মাদারিহাটের হান্টাপাড়া, মুজনাই এবং টোটোপাড়ার বাসিন্দারা। মাদারিহাট থেকে টোটোপাড়ায় যাওয়ার ২৭ কিলোমিটার রাস্তায় পেরোতে হয় তিতি, বাঙরি এবং হাউড়ির মতো পাহাড়ি নদী ও ১৭টি ঝোরা।

    বর্ষায় ভুটান থেকে নেমে আসা ওই তিনটি নদী আর পাহাড়ি ঝোরায় কখন হড়পা বান আসবে, তা কেউ আগাম আন্দাজ করতে পারেন না। মাঝেমধ্যেই ওই দুর্গম পথে হড়পা বানের জেরে থমকে যায় যান চলাচল। এখন সবার একটাই আশঙ্কা, নেপালের ভোটেকোশি নদীর মতো যদি প্রকৃতির 'অভিশাপ' নেমে আসে ওই তিন নদীর উপরে- তবে কি টোটোপাড়া, হান্টাপাড়া অথবা মুজনাই জনপদের অস্তিত্ব থাকবে?

  • Link to this news (এই সময়)